বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

ভিসা নীতিতে বড় পরিবর্তন চীনের

ডেস্ক রিপোর্ট।।

এক সময় রক্ষণশীল বৈদেশিক নীতির জন্য পরিচিত চীন এখন পর্যটন নীতিতে বিস্ময়করভাবে উদার হয়ে উঠেছে। বিশ্বের ৭৪টি দেশের নাগরিকদের জন্য বিনা ভিসায় চীনে প্রবেশের সুযোগ ইতোমধ্যেই চালু হয়েছে, এবং ১৬ জুলাই আজারবাইজান যুক্ত হলে এই সংখ্যা পৌঁছাবে ৭৫-এ।

২০২৪ সালের শুরু থেকেই চীনের বিমানবন্দরগুলোতে বিদেশি পর্যটকদের ভিড় বেড়েছে চোখে পড়ার মতো। চীনের জাতীয় অভিবাসন প্রশাসনের তথ্য বলছে, চলতি বছরে ২ কোটিরও বেশি বিদেশি পর্যটক চীনে প্রবেশ করেছেন কোনো রকম ভিসা ছাড়াই— যা আগের বছরের তুলনায় দ্বিগুণ।

নতুন নীতিমতে, তালিকাভুক্ত ৭৫টি দেশের নাগরিকরা চীনে পৌঁছে সর্বোচ্চ ৩০ দিন পর্যন্ত অবস্থান করতে পারবেন বিনা ভিসায়। ইউরোপ, এশিয়া, লাতিন আমেরিকা ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে এই ছাড় বিস্তৃত হলেও দক্ষিণ এশিয়ার বৃহৎ জনগোষ্ঠীর দেশ বাংলাদেশ এখনো বাদ।

বিশ্লেষকদের মতে, চীন এই উদারতা দেখাচ্ছে আন্তর্জাতিক ভাবমূর্তি উন্নয়নের লক্ষ্যে— যাকে বলে ‘সফট পাওয়ার’। একইসঙ্গে দেশটি পর্যটন খাতকে অর্থনৈতিক প্রবৃদ্ধির একটি বড় চালিকাশক্তি হিসেবে গড়ে তুলছে।

তবে আফ্রিকার বড় বড় দেশ এবং দক্ষিণ এশিয়ার বাংলাদেশ এখনো এই সুবিধার বাইরে। চীনের সঙ্গে দীর্ঘদিনের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক থাকা সত্ত্বেও বাংলাদেশ কেন এই তালিকায় নেই, তা নিয়ে উঠেছে নানা প্রশ্ন।

বিশ্লেষকদের একাংশ বলছেন, নিরাপত্তা, অভিবাসন নীতি, ও পারস্পরিক কূটনৈতিক সমঝোতার ঘাটতি থাকতে পারে এই সিদ্ধান্তের পেছনে। তবে প্রতিবেশী দেশ ভারতের কিছু রাজ্যের নাগরিকদের সীমিতভাবে সুবিধা দেওয়া হলেও বাংলাদেশের প্রতি এমন সংযত অবস্থান কিছুটা অবাক করার মতো।

চীনের পর্যটন নীতিতে এই বড় ধরনের পরিবর্তন বৈশ্বিক ভ্রমণ প্রবণতায় নতুন মাত্রা যোগ করছে। তবে বাংলাদেশসহ অন্যান্য দেশের জন্য এখন প্রশ্ন— “পরবর্তী তালিকায় কারা?”

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন