সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে ৯-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ, সাফ অভিযানে দুর্দান্ত সূচনা

ডেস্ক রিপোর্ট।।

আয়োজক ও বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে নিজেদের শক্তিমত্তার প্রমাণ রাখলো বাংলাদেশ। সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে ৯-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে আফঈদা-মৌসুমীরা।

শুক্রবার (১১ জুলাই) বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুষ্ঠিত এই ম্যাচে প্রথম থেকেই আধিপত্য দেখায় স্বাগতিক দল। মাত্র এক মিনিটেই স্বপ্না রানীর ফ্রি-কিকে এগিয়ে যায় বাংলাদেশ। এরপর একের পর এক আক্রমণে দিশেহারা করে তোলে শ্রীলঙ্কার রক্ষণভাগ।

বাংলাদেশের পক্ষে হ্যাটট্রিক করেন মোসা. সাগরিকা, জোড়া গোল করেন মুনকি আক্তার। এছাড়া স্বপ্না রানী, রূপা আক্তার, শান্তি মারদি ও শিখা একটি করে গোল করেন।

বিরতির আগেই ৩-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে আরও আগ্রাসী হয়ে মাঠে নামে মেয়েরা। একের পর এক গোল করে বড় ব্যবধান গড়ে তোলে স্বাগতিকরা। শেষ সময়ে একটি গোল হজম করলেও ইনজুরি টাইমে শান্তির গোলে ব্যবধান দাঁড়ায় ৯-১।

প্রধান কোচ পিটার বাটলার প্রথম একাদশে জাতীয় দলের অভিজ্ঞ চার খেলোয়াড়কে খেলান। তবে দ্বিতীয়ার্ধে তাদের বিশ্রাম দিয়ে নতুনদের সুযোগ দেন, যারা প্রত্যাশার চেয়ে ভালো পারফর্ম করে বড় জয় নিশ্চিত করেন।

টুর্নামেন্টের ফেভারিট হিসেবে এবার শিরোপা ধরে রাখাই বাংলাদেশের প্রধান লক্ষ্য। এই জয়ের মাধ্যমে দলের আত্মবিশ্বাস আরও বেড়েছে, যা পরবর্তী ম্যাচগুলোয় বড় ভূমিকা রাখবে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন