পাকিস্তানে টিকটক অ্যাকাউন্ট ডিলিট না করায় নিজের ১৬ বছর বয়সী মেয়েকে গুলি করে হত্যা করেছেন এক বাবা। ‘সম্মান রক্ষার’ নামে এই নির্মম হত্যাকাণ্ড ঘটেছে পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডি শহরে। শুক্রবার (১১ জুলাই) দেশটির পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।
পুলিশ জানায়, মেয়েটিকে কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট মুছে ফেলতে বলছিলেন তার বাবা। মেয়েটি রাজি না হওয়ায় মঙ্গলবার (৮ জুলাই) তিনি তাকে গুলি করে হত্যা করেন। শুরুতে ঘটনাটিকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা হলেও, তদন্তে বেরিয়ে আসে এটি একটি পরিকল্পিত ‘অনার কিলিং’।
রাওয়ালপিন্ডি পুলিশের একজন মুখপাত্র জানান, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে হত্যা মামলার তদন্ত চলছে।
পাকিস্তানে ‘সম্মান রক্ষার্থে হত্যা’ একটি পরিচিত সামাজিক সমস্যা। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় নারীদের সক্রিয়তা অনেক সময় রক্ষণশীল পরিবারের জন্য অগ্রহণযোগ্য হয়ে ওঠে।
এ ঘটনার এক মাস আগেই আরেক কিশোরী টিকটকার সানা ইউসুফকে গুলি করে হত্যা করা হয়, যিনি ফ্যাশন ও রিভিউ বিষয়ক ভিডিও করতেন।
একাধিক আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানে ডিজিটাল অগ্রগতির মাঝেও নারীরা এখনো বড় সামাজিক বাধার মুখে। মোবাইল জেন্ডার গ্যাপ রিপোর্ট ২০২৫ অনুযায়ী, পাকিস্তানে নারীদের মধ্যে স্মার্টফোন ব্যবহারের হার মাত্র ৩০ শতাংশ, যেখানে পুরুষদের মধ্যে তা ৫৮ শতাংশ।

