বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্যে খুন, ব্যবসায়িক দ্বন্দ্বে জড়িত চারজন গ্রেফতার

ডেস্ক রিপোর্ট।।

রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের গেটের সামনে প্রকাশ্যে লালচাঁদ ওরফে সোহাগ (৩৯) নামের এক ব্যক্তিকে কুপিয়ে ও মারধর করে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যাকাণ্ডের পর পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে জড়িত চারজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারদের মধ্যে রয়েছেন মাহমুদুল হাসান মহিন (৪১) ও তারেক রহমান রবিন (২২)। রবিনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে র‌্যাব-১০। দুই আসামিকে পুলিশ এবং দুজনকে র‌্যাব গ্রেফতার করে, বলে জানায় আইনশৃঙ্খলা বাহিনী।

ডিএমপির কোতোয়ালি জোনের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, ঘটনার পরপরই ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

নিহতের বড় বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে আসামিদের শনাক্ত ও গ্রেফতার করে।

গ্রেফতাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, সোহাগের সঙ্গে তাদের পূর্ব শত্রুতা ও ব্যবসায়িক দ্বন্দ্ব ছিল। সেই দ্বন্দ্ব থেকেই পরিকল্পিতভাবে তাকে হত্যার সিদ্ধান্ত নেয় তারা।

পুলিশ জানিয়েছে, “ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। বাকি জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।”

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন