বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

জুলাই গণঅভ্যুত্থান: যুব আলেমদের ভূমিকার স্বীকৃতির দাবি জাতীয় যুবশক্তির

ডেস্ক রিপোর্ট।।

জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ও আহত যুব আলেমদের স্মরণে এক সেমিনারে তাঁদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন ও সম্মান নিশ্চিত করার দাবি জানিয়েছে জাতীয় যুবশক্তি ও আলেম সমাজ। শুক্রবার রাজধানীর বাংলামোটরে রূপায়ন টাওয়ারে জাতীয় যুবশক্তির কার্যালয়ে “জুলাই আন্দোলনে যুব আলেমদের অবদান” শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে সভাপতিত্ব করেন জাতীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম। আলোচনায় অংশ নিয়ে বিভিন্ন ইসলামী সংগঠনের নেতারা জুলাইয়ের উত্তাল সময়ের ইতিহাস তুলে ধরেন এবং যুব আলেমদের সাহসিকতা, ভূমিকা ও আত্মত্যাগের কথা স্মরণ করেন।

হেফাজতে ইসলামের নায়েবে আমির আহমেদ আলী কাসেমী বলেন, “পরিবর্তনের সময় এসেছে। আমরা চাই, যুব আলেমদের মেধা ও আদর্শিক দৃঢ়তা দেশের কল্যাণে ব্যবহার হোক। জাতির সামনে তাঁদের ভূমিকা তুলে ধরতে হবে।”

হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, “যে জালিম শক্তি মানুষের ওপর নিপীড়ন চালায়, তারা যেন আর ক্ষমতায় না আসতে পারে—সেজন্য সামাজিক সচেতনতা জরুরি।”

লেখক ফোরাম পরিষদের সভাপতি শেখ ওসমান গণি বলেন, “জুলাই গণঅভ্যুত্থান একটি আন্দোলনের ফসল। এখন সেই অর্জন সংরক্ষণ ও কাজে লাগানোর সময়।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইমাম পরিষদের সভাপতি আবদুল্লাহ ইয়াহিয়া, নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুসা বিন ইজহার, খেলাফত মজলিশের কেন্দ্রীয় নায়েবে আমির মহিউদ্দিন রব্বানী এবং যুব আলেম প্রতিনিধি মাওলানা ইদ্রিস হোসাইন।

সেমিনার শেষে জুলাই গণআন্দোলনে নিহতদের রূহের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন