বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

আশুলিয়ায় গ্যাস লিকেজ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড, দগ্ধ দম্পতি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে

ডেস্ক রিপোর্ট।।

ঢাকার সাভারের আশুলিয়ার জিরাবো পুকুরপাড় এলাকায় একটি দোতলা ভবনে গ্যাস লিকেজ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে একই পরিবারের দুইজন দগ্ধ হয়েছেন। শনিবার (১২ জুলাই) ভোরে এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন—মিজানুর রহমান (২৮) এবং তার স্ত্রী সাবিনা বেগম (২৫)। তারা উভয়েই স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন।

পরিবার সূত্রে জানা যায়, ভোর সাড়ে ৫টার দিকে রান্নার জন্য চুলা জ্বালাতে গেলে আগে থেকেই ঘরে জমে থাকা গ্যাসে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে রান্নাঘরসহ আশপাশের অংশে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে দম্পতির শরীরের বেশ কিছু অংশ দগ্ধ হয়।

দ্রুত তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। দগ্ধ সাবিনার বড় ভাই সোহেল রানা জানান, “আমার বোন এবং ভগ্নিপতি দুজনই পোশাক কারখানায় কাজ করত। গ্যাস লিক করে পুরো ঘরে গ্যাস জমে গিয়েছিল। রান্না করতে গিয়েই এই দুর্ঘটনা ঘটে।”

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বলেন, “মিজানুরের শরীরের ২০ শতাংশ এবং সাবিনার শরীরের ১৮ শতাংশ দগ্ধ হয়েছে। তবে তাদের শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হওয়ায় শারীরিক অবস্থা আশঙ্কাজনক।”

স্থানীয়দের অভিযোগ, গ্যাস লাইন ও সিলিন্ডারের তদারকির অভাবেই এমন দুর্ঘটনা বারবার ঘটছে। দ্রুত এই বিষয়ে প্রশাসনের নজরদারি প্রয়োজন বলে তারা মনে করছেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন