রাজধানীর পল্লবীতে চাঁদাবাজির অভিযোগে একটি আবাসন প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা ও গুলির ঘটনা ঘটেছে। পাঁচ কোটি টাকা চাঁদা না দেওয়ায় এ কে বিল্ডার্স নামের প্রতিষ্ঠানে এই হামলা চালানো হয় বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা। এ ঘটনায় একজন আহত হয়েছেন, মামলা প্রক্রিয়াধীন।
শুক্রবার (১১ জুলাই) বিকেলে পল্লবীর আলাব্দিরটেক এলাকায় এ কে বিল্ডার্সের কার্যালয়ে একদল দুর্বৃত্ত হামলা চালায়। এ সময় তারা গুলি চালিয়ে ভাঙচুর করে এবং দফায় দফায় প্রতিষ্ঠানটির বিভিন্ন মালামাল লুট করে বলে অভিযোগ করেন কর্মকর্তারা।
প্রতিষ্ঠানের চেয়ারম্যান কাইউম আলী খানের ছেলে আমিনুল এহসান বলেন,
“তিন সপ্তাহ আগে জামিল নামের এক ব্যক্তি আমার বাবার কাছে ৫ কোটি টাকা চাঁদা দাবি করে। এরপর থেকেই আমরা হুমকি পেতে থাকি। টাকা না দেওয়ায় প্রথমে দুই দফা হামলা হয়, তারা সিসিটিভি ক্যামেরাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে যায়। শুক্রবার তারা আবারো হামলা চালিয়ে গুলি ছোড়ে।”
এ সময় প্রতিষ্ঠানটির কর্মকর্তা শরিফুল ইসলাম গুলিবিদ্ধ হন, যাকে গুরুতর অবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পল্লবী থানার ওসি শফিউল ইসলাম জানান,
“প্রায় ২৫-৩০ জন সন্ত্রাসী বিকেলে এলাকায় ত্রাস সৃষ্টি করে গুলি চালায়। ঘটনার তদন্ত চলছে, এবং এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”
এদিকে এমন ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত হামলাকারীদের শনাক্ত করে শাস্তির দাবি জানিয়েছেন।

