বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

মিটফোর্ডে শাটডাউনের ঘোষণা শিক্ষার্থীদের

ডেস্ক রিপোর্ট।।

রাজধানীর মিটফোর্ড এলাকায় সাম্প্রতিক নৃশংস হত্যাকাণ্ডের পর নিরাপত্তাহীনতায় ক্ষোভে ফুঁসছে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। নিরাপত্তা নিশ্চিতে দ্রুত ব্যবস্থা না নিলে পুরো হাসপাতাল ও কলেজ এলাকায় ‘শাটডাউন’ কর্মসূচি চালু করার ঘোষণা দিয়েছেন তারা।

রোববার (১৩ জুলাই) দুপুরে কলেজ ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিল শেষে তারা ৩ নম্বর গেট এলাকায় অবস্থান নেন এবং সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি তিন দফা দাবি তুলে ধরেন।

 শিক্ষার্থীদের দাবিগুলো:

  1. বহিরাগতদের প্রবেশ সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ

  2. ফুটপাত দখলদারদের উচ্ছেদ

  3. আনসার বাহিনীর কার্যকর ও নিয়মিত টহল

গত ৯ জুলাই (বুধবার) মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটের সামনে দিনে-দুপুরে কুপিয়ে হত্যা করা হয় ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে। ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে সারাদেশে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

এ পর্যন্ত ঘটনায় জড়িত সন্দেহে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সর্বশেষ রোববার দুপুরে আরও দুইজনকে আটক করা হয়।

শিক্ষার্থীদের অভিযোগ, “মিটফোর্ড হাসপাতাল চত্বর এখন অপরাধীদের অবাধ বিচরণের জায়গায় পরিণত হয়েছে। চিকিৎসাসেবা ও শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।”

তারা আরও বলেন, “যতক্ষণ না সুনির্দিষ্ট নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত আমরা স্বাভাবিক একাডেমিক কার্যক্রমে ফিরব না।”

ঢাকা মহানগর পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, “ঘটনার তদন্ত চলছে। গ্রেপ্তার আরও বাড়বে। পাশাপাশি হাসপাতাল এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে।”


মিটফোর্ড হাসপাতাল দেশের অন্যতম ব্যস্ত সরকারি চিকিৎসাকেন্দ্র। প্রতিদিন হাজারো রোগী ও স্বজন এখানে ভিড় করেন। কিন্তু বহিরাগত ও অপরাধীদের দৌরাত্ম্যে চিকিৎসা ও শিক্ষার পরিবেশ নিয়ে বহুদিন ধরেই উদ্বেগ রয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন