সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

বিএনপি ছাড়া আমাদের গতি নেই : জাহেদ উর রহমান

ডেস্ক রিপোর্ট।।

নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক ড. জাহেদ উর রহমান রবিবার (১৩ জুলাই) এক অনুষ্ঠানে বলেন, “বাংলাদেশকে আফগানিস্তান বানানোর প্ল্যান বা চক্রান্ত আমাদের সামনে এসে হাজির হয়েছে।”

রাজধানীর গুলশানে অনুষ্ঠিত ‘তারেক রহমান: দ্য হোপ অব বাংলাদেশ’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব মন্তব্য করেন।

ড. জাহেদ উর রহমান বলেন, “আমরা পছন্দ করি বা না করি, বিএনপি ছাড়া আমাদের গতি নেই। দেশের ভবিষ্যৎ রাজনীতিতে বিএনপি একটি অনিবার্য শক্তি। যারা বিএনপিকে অপছন্দ করেন, তারাও বুঝতে বাধ্য—এই দলটি বাংলাদেশের রাজনৈতিক ভারসাম্য রক্ষায় অপরিহার্য হয়ে উঠেছে।”

তিনি আরও বলেন, “বর্তমানে মাঠে যেসব রাজনৈতিক শক্তি সক্রিয়, তাদের বড় অংশই চরম ডানপন্থী (far-right)। এ পরিস্থিতিতে মধ্যমপন্থী ও গণতান্ত্রিক রাজনীতির ধারায় বিএনপির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

অনুষ্ঠানে আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন ড. জাহেদ। তার ভাষায়, “৫ আগস্টের পর আওয়ামী লীগ আর কার্যকর রাজনৈতিক শক্তি হিসেবে টিকে নেই। মাঠে এখন ইসলামী দলগুলোসহ রাইচিস্ট (rightist) গোষ্ঠী নিজেদের অবস্থান শক্ত করছে।”

বিএনপির গঠনতন্ত্র ও নেতৃত্ব সম্পর্কে তিনি বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেহেতু ক্ষমতায় ছিলেন, দল গঠন তার জন্য তুলনামূলক সহজ ছিল। তবে বিএনপি দল হিসেবে গড়ে ওঠে বেগম খালেদা জিয়ার হাত ধরে। তিনি বিরোধী দলে থেকে আন্দোলনের মধ্য দিয়ে দলকে শক্ত ভিত্তি দেন। আর তারেক রহমান আধুনিক প্রেক্ষাপটে দলটিকে ইন্টিগ্রেটেড ও নতুন প্রজন্মমুখী দল হিসেবে গড়ে তুলছেন।”

ড. জাহেদের বক্তব্য থেকে স্পষ্ট, তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপিকে কেন্দ্র করে একটি নতুন ভারসাম্য তৈরির প্রয়োজনীয়তা অনুভব করছেন। তার মতে, যদি মধ্যপন্থী রাজনীতি টিকিয়ে রাখতে হয়, তবে বিএনপিকে রাজনৈতিক প্রক্রিয়ায় ফিরিয়ে আনাই একমাত্র বাস্তব পথ।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন