নোয়াখালীর চাটখিল উপজেলার বাদলকোট ইউনিয়নে তিন দিন নিখোঁজ থাকার পর মানসিক প্রতিবন্ধী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ জুলাই) দুপুরে মেঘা বাজার সংলগ্ন একটি খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শিশুর নাম আরিফ হোসেন (১৩)। তিনি উপজেলার পরকোট ইউনিয়নের পূর্ব পরকোট গ্রামের বাসিন্দা জামাল হোসেন ও আমেনা আক্তার আখি দম্পতির ছেলে।
স্থানীয় সূত্র জানায়, আরিফ হোসেন মানসিকভাবে অসুস্থ ছিল এবং প্রায়ই বাড়ি থেকে বের হয়ে বিভিন্ন স্থানে ঘুরে বেড়াত। গত ১১ জুলাই (শুক্রবার) বিকেলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরিবারের পক্ষ থেকে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।
সোমবার সকাল ৭টার দিকে স্থানীয়রা কালামিয়া পাটোয়ারী বাড়ির সামনে খালে একটি মরদেহ ভেসে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে দুপুরে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ ইব্রাহীম ঢাকা পোস্টকে জানান, “শিশুটির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সে পানিতে পড়ে গিয়ে ডুবে মারা গেছে। পরিবারের পক্ষ থেকেও কোনো অভিযোগ পাওয়া যায়নি।”
মরদেহটি ময়নাতদন্তের জন্য নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে।

