রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সম্প্রচারিত একটি আলোচনামূলক অনুষ্ঠানে সরকারবিরোধী বক্তব্য প্রচারিত হওয়ার অভিযোগে বিটিভির অনুষ্ঠান নির্বাহী বেগম মাহবুবা ফেরদৌসকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
গত ২৭ জুন রাত ৯টায় বিটিভির নিয়মিত অনুষ্ঠান ‘জনতার সামনে’ প্রচারিত হয়। সেই পর্বে আলোচনার কিছু বিষয়বস্তু নিয়ে বিতর্কের সৃষ্টি হয়, যেগুলো সরকারি কার্যক্রমের পরিপন্থী ও সরকারবিরোধী বলে অভিযোগ ওঠে।
এ ঘটনায় মন্ত্রণালয় মনে করছে, এতে সরকার ও সংশ্লিষ্ট দপ্তরের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। ফলে অনুষ্ঠান নির্বাহী হিসেবে দায়িত্বে অবহেলার অভিযোগ এনে মাহবুবা ফেরদৌসকে তিন কর্মদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় প্রেরিত নোটিশে বলা হয়েছে, “অনুষ্ঠানটি আপনার অনুমোদনে সম্প্রচারিত হয়। দায়িত্ব পালনে অবহেলার কারণেই এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কেন আপনার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা লিখিতভাবে ব্যাখ্যা দিন।”
ঘটনাটিকে কেন্দ্র করে রাষ্ট্রীয় গণমাধ্যমের কনটেন্ট যাচাই ও সম্পাদকীয় নীতিমালা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। গণমাধ্যম বিশেষজ্ঞরা মনে করছেন, বিটিভির প্রযোজনা ও সম্প্রচার প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা ও পেশাদারিত্ব নিশ্চিত করা জরুরি।
একজন গণমাধ্যম বিশ্লেষক বলেন, “রাষ্ট্রীয় টিভি চ্যানেলে এমন কনটেন্ট প্রচার প্রচলিত নিয়ম ও নিরাপত্তা মানদণ্ডের সঙ্গে সাংঘর্ষিক। তাই বিষয়টি শুধু একজন কর্মকর্তার অবহেলাই নয়, বড় পরিসরে দায়িত্ব ও জবাবদিহির ঘাটতির প্রতিফলন।”
তথ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, কারণ দর্শানোর জবাব সন্তোষজনক না হলে মাহবুবা ফেরদৌসের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হতে পারে। পাশাপাশি ভবিষ্যতে বিটিভির অনুষ্ঠানগুলোতে কনটেন্ট যাচাই ও অনুমোদনের ক্ষেত্রে আরও কড়াকড়ি আরোপ করা হবে।

