সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

বিদেশেও নজরদারিতে বেনজীর পরিবার: যুক্তরাষ্ট্র-মালয়েশিয়ায় সম্পদ জব্দের নির্দেশ

ডেস্ক রিপোর্ট।।

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ও তার স্ত্রীর বিরুদ্ধে এবার বিদেশে থাকা সম্পদের বিরুদ্ধেও ব্যবস্থা নিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (১৪ জুলাই) ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত তাদের যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ায় থাকা বেশ কয়েকটি স্থাবর ও অস্থাবর সম্পদ জব্দ এবং ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন।

দুদকের উপপরিচালক মো. হাফিজুর রহমান আদালতে এ সংক্রান্ত আবেদন করেন। শুনানি শেষে বিচারক জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

জব্দকৃত বিদেশি সম্পদের মধ্যে যা রয়েছে:

  1. যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক রাজ্যের বাফেলো শহরে প্রায় ৪ লাখ ৩০ হাজার মার্কিন ডলার মূল্যের একটি সম্পত্তি

  2. যুক্তরাষ্ট্রে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে বেনজীর আহমেদের নামে দুটি ব্যাংক অ্যাকাউন্ট

  3. মালয়েশিয়ার সিআইএমবি ইসলামিক ব্যাংকে বেনজীর ও তার স্ত্রীর নামে দুটি অ্যাকাউন্ট

দুদক জানিয়েছে, বেনজীর আহমেদ আইজিপি থাকা অবস্থায় তার বৈধ আয়ের বাইরে ৯ কোটি ৪৪ লাখ টাকার বেশি সম্পদের তথ্য পাওয়া গেছে। এসব সম্পদ এখনো তদন্তাধীন।

আবেদনে বলা হয়, অভিযুক্তরা দেশে ও বিদেশে তাদের মালিকানাধীন সম্পদ হস্তান্তরের চেষ্টা করছেন। এ ধরনের তৎপরতা ন্যায়বিচারকে বাধাগ্রস্ত করতে পারে বলে দুদক আশঙ্কা করছে।

আদালতের আদেশে বলা হয়, তদন্তের স্বার্থে এবং ন্যায়বিচার নিশ্চিত করতে জব্দ ও অবরুদ্ধকরণের এই নির্দেশ দেওয়া হলো।

এ বিষয়ে এখনো বেনজীর আহমেদ বা তার পরিবারের পক্ষ থেকে গণমাধ্যমে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন