দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষাব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন এসেছে। এখন থেকে ‘সহকারী শিক্ষক’ পদ বাতিল করে এককভাবে পদের নাম রাখা হচ্ছে শুধু ‘শিক্ষক’।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই পরিবর্তনের কথা জানানো হয়েছে। এতে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের উপসচিব মো. শামছুল আরিফ। সিদ্ধান্তটি গত মে মাসে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সমন্বয় সভার সুপারিশের ভিত্তিতে নেওয়া হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী:
-
সহকারী শিক্ষক → শিক্ষক (৩,৬২,৪১৮টি পদে প্রযোজ্য)
-
সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার → অতিরিক্ত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার
-
অর্থ কর্মকর্তা → হিসাবরক্ষণ কর্মকর্তা
-
সহকারী মনিটরিং অফিসার → প্রশাসনিক কর্মকর্তা
-
পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষক → সহকারী ইনস্ট্রাক্টর (পরীক্ষণ বিদ্যালয়) (৩৩৫টি পদে প্রযোজ্য)
মন্ত্রণালয় জানিয়েছে, মাঠপর্যায়ের কর্মকর্তাদের দায়িত্বের প্রকৃতি এবং গুরুত্ব বিবেচনায় এই পদবিগুলো সহজ ও আধুনিক করা হয়েছে, যেন প্রশাসনিক কাঠামো আরও কার্যকর এবং বোধগম্য হয়।
প্রাথমিক শিক্ষাখাতে এই নাম পরিবর্তন শিক্ষকদের মর্যাদা বাড়ানোর পাশাপাশি প্রশাসনে স্বচ্ছতা ও কার্যকারিতা আনবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।

