বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

নতুন নিবন্ধনপ্রত্যাশী এনসিপিসহ ১৪৪ দলই প্রাথমিক যাচাইয়ে ব্যর্থ

ডেস্ক রিপোর্ট।।

নিবন্ধনের জন্য আবেদন করা ১৪৪টি রাজনৈতিক দলই প্রাথমিক যাচাই-বাছাইয়ে ঘাটতি থাকার কারণে নির্বাচন কমিশনের (ইসি) স্ক্রুটিনিতে উত্তীর্ণ হতে পারেনি। ইসি জানিয়েছে, দলগুলোকে ১৫ দিনের মধ্যে সংশোধনের সুযোগ দিয়ে চিঠি দেওয়া হবে।

ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ জানান, প্রথম ধাপে ৬২টি দলকে চিঠি পাঠানো হচ্ছে। ধাপে ধাপে বাকি দলগুলোকেও জানানো হবে। যেসব দল চিঠি পাবে, তাদের নির্ধারিত সময়ের মধ্যে ঘাটতি পূরণ করতে হবে।

এর আগে ইসি ২০ এপ্রিল পর্যন্ত নিবন্ধন আবেদন জমার জন্য গণবিজ্ঞপ্তি দেয়। পরে সময় বাড়িয়ে ২২ জুন পর্যন্ত করা হয়। মোট ১৪৪টি দল ১৪৭টি আবেদন করে। তবে এসব আবেদন যাচাই করে ইসি দেখে, বেশিরভাগ দলই সাংগঠনিক কাঠামো, কেন্দ্রীয় ও জেলা কমিটির বাস্তবতা, সদস্য তালিকা, কর্মপরিকল্পনা ও সংবিধানের মতো মূল নথিপত্রে ঘাটতি রেখেছে।

নিবন্ধনপ্রত্যাশী দলগুলোর মধ্যে রয়েছে— জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), নতুন প্রজন্ম পার্টি, বাংলাদেশ সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি, ন্যাশনাল ফ্রিডম পার্টি, বাংলাদেশ জনতা পার্টি, বাংলাদেশ ডেমোক্রেটিক মুভমেন্ট, ওয়ার্ল্ড মুসলিম কমিউনিটি, মুসলিম জনতা পার্টি, বাংলাদেশ জাস্টিস মুভমেন্টসহ আরও বহু নামসর্বস্ব দল।

নির্বাচন কমিশন সূত্র জানায়, অনেক দল ইসির নির্ধারিত ফরম্যাট অনুসরণ না করেই আবেদন করেছে, কেউ কেউ তো নিজেদের ঠিকানাই ঠিকভাবে দেয়নি। আবার কারও কারও সাংগঠনিক কাঠামো রয়েছে শুধু কাগজে-কলমে।

আগামী সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধন পেতে রাজনৈতিক দলগুলোর মাঝে তৎপরতা দেখা যাচ্ছে। তবে এবার ইসি শুরু থেকেই যাচাই-বাছাইয়ে কঠোর। সুষ্ঠু ও বাস্তবভিত্তিক দলগুলোকে নির্বাচনে অংশ নিতে দিতে চায় সংস্থাটি।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন