বহু প্রতীক্ষিত সৌরভ গাঙ্গুলীর বায়োপিকের শুটিং আরও পিছিয়ে গেল। ভারতীয় ক্রিকেটের ‘দাদা’-র জীবনীভিত্তিক এই সিনেমায় বলিউড অভিনেতা রাজকুমার রাও মুখ্য চরিত্রে অভিনয় করছেন। তবে ক্রিকেটার সৌরভ গাঙ্গুলীকে পর্দায় জীবন্ত করে তুলতে নিজেকেই এখনও ‘অপরিপক্ব’ মনে করছেন রাজকুমার। তাই অনুরোধে শুটিং পিছিয়ে ২০২৬ সালের জানুয়ারিতে শুরু হচ্ছে বলে জানান তিনি।
রাজকুমার বলেন,
“যদিও আমি ক্রিকেট খেলতে পারি, তবে বাঁ-হাতি ব্যাটসম্যান হওয়া একেবারেই আলাদা। চরিত্রটিকে সুবিচার করতে হলে আমাকে আরও অনুশীলন করতে হবে।”
তিনি আরও বলেন,
“সৌরভ গাঙ্গুলী শুধু একজন ক্রিকেটার নন, তিনি ভারতীয় ক্রিকেটের এক যুগের প্রতীক। তাঁর চরিত্রে অভিনয় করা বিশাল দায়িত্ব। যথাযথ প্রস্তুতি ছাড়া এই চরিত্রে নামা আমার পক্ষে সম্ভব নয়।”
ছবিটির পরিচালনায় রয়েছেন বিক্রম মোটওয়ানে এবং প্রযোজনা করছেন লাভ রঞ্জন। ইতোমধ্যে বায়োপিকের স্ক্রিপ্ট প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। শোনা যাচ্ছে, এতে সৌরভের খেলোয়াড় জীবনের পাশাপাশি বিসিসিআই সভাপতি হিসেবে তাঁর সময়কাল এবং ব্যক্তিগত জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোও উঠে আসবে।
প্রাথমিকভাবে ২০২৫ সালের মধ্যেই শুটিং শুরুর পরিকল্পনা থাকলেও, রাজকুমারের ব্যক্তিগত প্রস্তুতির প্রয়োজনীয়তা মেনে নিয়ে পুরো প্রজেক্ট এক বছর পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন নির্মাতারা।
সৌরভের জীবনের অনুপ্রেরণামূলক যাত্রা দেখতে মুখিয়ে থাকা ভক্তদের জন্য এ খবর কিছুটা হতাশার হলেও, নির্মাতারা বলছেন—“ভালো কিছুর জন্য অপেক্ষা করাই শ্রেয়।”

