দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল ক্যাং সিও হা আর নেই। মাত্র ৩১ বছর বয়সে পাকস্থলীর ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে সোমবার (১৪ জুলাই) ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার অকাল প্রয়াণে কোরিয়ান বিনোদন অঙ্গনে নেমে এসেছে গভীর শোক।
দীর্ঘদিন ধরেই এই মেধাবী অভিনেত্রী কঠিন এক অসুস্থতার বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছিলেন। চিকিৎসা চলাকালেই নিজের অভিনয়চর্চা চালিয়ে গেছেন, শেষ করেছেন তার অভিনীত সর্বশেষ সিনেমা ‘ইন দ্য নেট’ বা কোরিয়ান শিরোনামে ‘ম্যাংনাইন’। ছবিটি মুক্তির অপেক্ষায় থাকলেও তার আগেই জীবনের মঞ্চ থেকে বিদায় নিলেন অভিনেত্রী।
তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী বুধবার (১৬ জুলাই) সকালে ক্যাং সিও হা-র শেষকৃত্য অনুষ্ঠিত হবে। এরপর তার মরদেহ দাহ করা হবে সিউল মেমোরিয়াল পার্কে এবং পরবর্তীতে জন্মস্থান সাউথ গিয়ংসাং প্রদেশের হামানে সমাহিত করা হবে।
কোরিয়া ন্যাশনাল ইউনিভার্সিটি অফ আর্টস থেকে নাটকে স্নাতক ডিগ্রি নেওয়া এই অভিনেত্রী অভিনয়জগতে পা রাখেন ব্রেভ গাইসের মিউজিক ভিডিও ‘গেটিং ফারদার অ্যাওয়ে’-এর মাধ্যমে। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি।
তার উল্লেখযোগ্য টিভি ও ওয়েবড্রামার মধ্যে রয়েছে ‘স্কুল গার্ল ডিটেকটিভ’, ‘অ্যাসেম্বলি’, ‘হার্ট সার্জন’, ‘দ্য ফ্লাওয়ার ইন প্রিজন’ ও ‘ফার্স্ট লাভ এগেইন’। তাঁর অভিনয়ে বাস্তবতা, আবেগ ও আন্তরিকতা ছিল—যা দর্শকের হৃদয়ে স্থায়ী জায়গা করে নেয়।
অসুস্থতার মধ্যেই সাহসী ক্যাং সিও হা ক্যামেরার সামনে ফিরে আসেন নতুন প্রজেক্ট ‘ইন দ্য নেট’-এর মাধ্যমে। এই সিনেমায় এক নারীর চরিত্রে অভিনয় করেন, যে নিজের বোনের আত্মহত্যার কারণ অনুসন্ধানে একজন হ্যাকার ভাড়া করে। বিষয়বস্তু এবং ক্যাং সিও হা-র অভিনয় দুটোই ইতোমধ্যে সবার মধ্যে আগ্রহ তৈরি করেছিল।
সামাজিক যোগাযোগমাধ্যমে সহকর্মী ও ভক্তরা গভীর শোক প্রকাশ করেছেন। অনেকেই বলছেন, ‘‘তালান্তে ভরপুর এক অভিনেত্রীকে আমরা খুব তাড়াতাড়ি হারিয়ে ফেললাম।’’ কেউ লিখেছেন, ‘‘তিনি চলে গেলেন, কিন্তু তার কাজ থেকে যাবে আমাদের হৃদয়ে।’’

