বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের গাড়িবহরে হামলা, সংঘর্ষে উত্তপ্ত পরিস্থিতি

ডেস্ক রিপোর্ট।।

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের গাড়িবহরে হামলার ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বুধবার (১৬ জুলাই) দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে শহরের লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, গোপালগঞ্জে দলীয় সমাবেশ শেষে মাদারীপুরে ফেরার পথে এনসিপি নেতাকর্মীদের গাড়িবহর লঞ্চঘাট এলাকায় পৌঁছালে একটি পক্ষ সড়ক অবরোধ করে। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ ও ছাত্রলীগের স্থানীয় কিছু নেতাকর্মী গাড়িবহরে ইট-পাটকেল নিক্ষেপ এবং বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে।

পুলিশ হামলা ঠেকাতে এগিয়ে এলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি এবং সাউন্ড গ্রেনেড ছুড়ে। এ সময় এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দকে নিরাপদে সরিয়ে নিতে দেখা যায়।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বর্তমানে ঘটনাস্থলে মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন