বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

কারফিউয়ের মাঝে গোপালগঞ্জে চলছে বিশেষ অভিযান

ডেস্ক রিপোর্ট।।

গোপালগঞ্জে হঠাৎ করেই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর সমন্বয়ে শুরু হয়েছে বিশেষ অভিযান। বুধবার (১৬ জুলাই) রাত ৮টা থেকে বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত জারি করা হয়েছে কারফিউ। পুলিশ ও নিরাপত্তা বাহিনী জানায়, শহরে এখন শান্ত পরিস্থিতি বিরাজ করলেও থমথমে পরিবেশ এখনও কাটেনি।

বিবিসির এক প্রতিবেদনে জানা যায়, গোপালগঞ্জ শহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং পুরো এলাকা কড়া নজরদারিতে রাখা হয়েছে। বিশেষ অভিযানে নেতৃত্ব দিচ্ছে সেনাবাহিনী, সঙ্গে রয়েছে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গোপালগঞ্জ সদর সার্কেলের পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। কারফিউ কার্যকর আছে। ইতোমধ্যে কিছু গ্রেপ্তারও করা হয়েছে।” তবে গ্রেপ্তারকৃতদের সংখ্যা সম্পর্কে কোনো নির্দিষ্ট তথ্য দিতে তিনি অস্বীকৃতি জানান।

কারফিউ চলাকালীন জরুরি সেবার বাইরে নাগরিকদের ঘরে অবস্থানের নির্দেশ দেওয়া হয়েছে। বন্ধ রয়েছে দোকানপাট, যানবাহন চলাচলও সীমিত।

শহরের বাসিন্দারা জানান, হঠাৎ করে সেনা অভিযান ও কারফিউ জারির ঘটনায় তারা উদ্বিগ্ন। অনেকে প্রয়োজনীয় কেনাকাটা করে ঘরে অবস্থান করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও গোপালগঞ্জ পরিস্থিতি নিয়ে আলোচনা চলছে।

কারফিউ শেষে পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন। তবে কী কারণে এই অভিযান ও কারফিউ, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন