রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আবেদন শেষ, শিগগিরই শিক্ষক নিয়োগে সুপারিশ: এনটিআরসিএ

ডেস্ক রিপোর্ট।।

ঢাকা, ১৭ জুলাই: দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের জন্য এনটিআরসিএ’র (বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ) ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। এখন চলছে যাচাই-বাছাই। খুব অল্প সময়ের মধ্যেই চূড়ান্তভাবে নিয়োগের সুপারিশ আসতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এনটিআরসিএ’র সচিব এ এম এম রিজওয়ানুল হক বলেন, “সুপারিশ প্রক্রিয়া এবার দ্রুত হবে। কারণ, প্রার্থীরা শুরুতেই পুলিশ ভেরিফিকেশন ফরম জমা দিয়েছেন। এতে অতিরিক্ত সময় লাগবে না।”

তবে সুখবরের মাঝেও আছে হতাশার দিক। কারণ অনেক আবেদনকারী যোগ্য হলেও সুপারিশ তালিকা থেকে বাদ পড়বেন। এনটিআরসিএ সচিব বলেন, “ধরুন, একটি বিষয়ের জন্য ১০০টি পদ শূন্য রয়েছে, কিন্তু আবেদন করেছেন ৩০০ জন। তখন ২০০ জন বাদ পড়বেন স্বাভাবিকভাবে। আবার এমনও কিছু বিষয় আছে যেখানে আবেদনকারীই নেই। ফলে সেসব পদ শূন্যই থেকে যাবে।”

গত ১৬ জুন প্রকাশিত ষষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে দেশের বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ১ লাখ ৮২২টি শূন্যপদের বিপরীতে আবেদন আহ্বান করা হয়। ২২ জুন থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে শেষ হয় ১০ জুলাই। তবে প্রার্থীরা ১৪ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন ফি জমা দিতে পেরেছেন।

সব মিলিয়ে ৫৭ হাজার ৮৪০ জন আবেদনকারী আবেদনপত্র ও ফি জমা দিয়ে প্রক্রিয়া সম্পন্ন করেছেন। এনটিআরসিএ’র তথ্যমতে, সবার আবেদন বৈধ হলেও প্রায় ৪২ হাজার ৯৮২টি পদ ফাঁকা থেকে যাবে প্রার্থীর অভাবে।

এই প্রক্রিয়ায় অনেক শিক্ষাপ্রতিষ্ঠান চাহিদা দিয়েও শিক্ষক পাবে না বলে আশঙ্কা করছেন এনটিআরসিএ কর্মকর্তারা। এতে ওইসব প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন