বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

“গোপালগঞ্জের ঘরে ঘরে ওড়বে গণঅভ্যুত্থানের পতাকা” : নাহিদ

ডেস্ক রিপোর্ট।।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ঘোষণা দিয়েছেন, গোপালগঞ্জে আবারও দলীয় কর্মসূচি নিয়ে যাবেন এবং জেলার প্রতিটি গ্রামে ও ঘরে ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর পতাকা উড়াবেন। বৃহস্পতিবার (১৭ জুলাই) নিজের ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম লিখেছেন, “আমরা আবার গোপালগঞ্জে যাব। জীবিত থাকলে প্রতিটি উপজেলায় কর্মসূচি করব। গোপালগঞ্জ হবে বাংলাদেশপন্থিদের, মুজিববাদীদের নয়।”

পোস্টে তিনি দাবি করেন, এনসিপির কর্মসূচি ছিল শান্তিপূর্ণ, তবে “মুজিববাদী সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে আমাদের ওপর হামলা চালিয়েছে, যা এক প্রকার হত্যাচেষ্টা।”
তিনি আরও বলেন, “আমরা কোনো গৃহযুদ্ধ চাই না, তবে স্বৈরতন্ত্রের বিরুদ্ধে সাংবিধানিক ও রাজনৈতিক লড়াই অব্যাহত থাকবে।”

এনসিপি নেতার ভাষ্য অনুযায়ী, সরকার এবং নিরাপত্তা বাহিনীর সুনির্দিষ্ট নির্দেশনা অনুযায়ী তারা গোপালগঞ্জে প্রবেশ করেন ও পথসভা করেন। কিন্তু যাওয়ার সময় ফের সশস্ত্র আক্রমণের মুখে পড়েন দলের কর্মীরা।

ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম চারজনের মৃত্যুর তথ্য উল্লেখ করে বলেন,
“আমরা কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ডকে সমর্থন করি না, প্রত্যাশাও করি না। তবে সন্ত্রাসীদের আইনি প্রক্রিয়ায় বিচারের আওতায় আনতে হবে।”

তিনি দাবি করেন, ছাত্রলীগসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের অনেকেই হামলায় জড়িত থাকলেও এখনো গ্রেপ্তার হননি, বরং জামিনে মুক্ত হয়ে বা থানার মাধ্যমে পালিয়ে যাচ্ছেন।

নাহিদ ইসলাম বলেন,
“শহীদ বাবু মোল্লা, শহীদ রথীন বিশ্বাসের গোপালগঞ্জকে আমরা মুজিববাদ থেকে মুক্ত করব। এই মাটি বাংলাদেশের মানুষের হবে, কোনো মতাদর্শিক সন্ত্রাসীর নয়।”

তিনি প্রশাসনের সমালোচনা করে বলেন, সময়মতো পদক্ষেপ নিলে প্রাণহানি এড়ানো যেত। পাশাপাশি সারা দেশে সন্ত্রাসীদের ধরতে গ্রেপ্তার অভিযান চালানোরও দাবি জানান।

ফেসবুক পোস্টের শেষদিকে নাহিদ ইসলাম জানান, আগামী কর্মসূচি ফরিদপুরে পদযাত্রা। যারা গোপালগঞ্জে হামলার প্রতিবাদে রাস্তায় নেমেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন