রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট।।

চলতি বছরের এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়া শিক্ষার্থীরা সাপ্লিমেন্টারি পরীক্ষার সুযোগ ও কলেজে ভর্তির নিশ্চয়তার দাবিতে বৃহস্পতিবার (১৭ জুলাই) বিক্ষোভ করেছে। দুপুরে রাজধানীর বকশিবাজারে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ভবনের সামনে তারা এই কর্মসূচি পালন করে।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, এবারের এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র, মূল্যায়ন পদ্ধতি ও পাসের মানদণ্ডে অস্বচ্ছতা ছিল, যা তাদের ফেল করিয়ে দিয়েছে। তারা চার দফা দাবিতে আন্দোলনে নেমেছে:

১. প্রশ্নপত্রে বৈষম্যের তদন্ত ও সমন্বয়হীনতা দূরীকরণ
২. অতিরিক্ত সাপ্লিমেন্টারি পরীক্ষার আয়োজন
৩. MCQ ও CQ মিলিয়ে সম্মিলিতভাবে পাসের ব্যবস্থা
৪. অকৃতকার্য শিক্ষার্থীদের কলেজে ভর্তির সুযোগ ও প্রতিশ্রুতি

এক শিক্ষার্থী বলেন,
“আমরা পড়েছি, চেষ্টা করেছি। কিন্তু বোর্ডের সিদ্ধান্ত ও প্রশ্নের কঠিনতা আমাদের ফেল করিয়েছে। এখন ভবিষ্যৎ অনিশ্চিত।”

প্রকাশিত ফলাফলে জানা গেছে, এ বছর ৬ লাখ ৫০ হাজারের বেশি শিক্ষার্থী এসএসসিতে অকৃতকার্য হয়েছে। আন্দোলনকারী শিক্ষার্থীরা দাবি করছেন, এত বিপুল সংখ্যক শিক্ষার্থীর জন্য অতিরিক্ত পরীক্ষা ছাড়া অন্য কোনো উপায় নেই।

তারা আরও বলেন,
“কলেজে ভর্তির সুযোগ না দিলে হাজার হাজার শিক্ষার্থী শিক্ষাজীবন থেকেই ছিটকে পড়বে। অন্তত সাপ্লিমেন্টারি পরীক্ষায় উত্তীর্ণ হলে যেন কলেজে ভর্তি হতে পারি, সে নিশ্চয়তা চাই।”

বিষয়টি জানতে চাইলে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির বলেন,
“শিক্ষার্থীদের দাবির যৌক্তিকতা নিয়ে আলোচনা হতে পারে। তবে বিষয়টি আমরা শিক্ষা মন্ত্রণালয়ে জানাব।”
তিনি আরও বলেন,
“ফলাফল প্রকাশের পর অনেকেই আবেগতাড়িত হয়ে প্রতিবাদ করছে, তবে সবকিছু নিয়ম অনুযায়ী চলবে।”

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন