গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি শান্তিপূর্ণ সভায় হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বুধবার রাতে দলের স্থায়ী কমিটির সভায় এ বিষয়ে আলোচনা শেষে বৃহস্পতিবার এক বিবৃতিতে বিএনপি এ দাবি জানায়।
বিবৃতিতে বলা হয়, সভায় হামলার মাধ্যমে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ইচ্ছাকৃতভাবে বাধাগ্রস্ত করা হয়েছে। বিএনপির দাবি, “ফ্যাসিস্ট শক্তি” দেশের রাজনৈতিক অঙ্গনে সহিংসতা সৃষ্টির মাধ্যমে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টায় লিপ্ত।
বিবৃতিতে আরও বলা হয়, হামলায় চারজন নিহত এবং অনেকেই আহত হয়েছেন বলে জানা গেছে। এ পরিস্থিতিতে সরকার ১৪৪ ধারা ও কারফিউ জারি করতে বাধ্য হয়েছে, যা বিএনপির মতে, প্রশাসনিক ব্যর্থতারই প্রতিফলন।
বিএনপির বক্তব্যে আরও বলা হয়, “গণতন্ত্রবিরোধী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে একটি নিয়ন্ত্রিত নির্বাচন আয়োজনের পরিবেশ সৃষ্টি করতে চাইছে।” একই সঙ্গে দলটি রাজনৈতিক কর্মসূচি পালনে সব পক্ষকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানায়।
এছাড়া সম্প্রতি রাজধানীর মিটফোর্ডে সংঘটিত একটি হত্যাকাণ্ডে বিএনপিকে জড়ানোর চেষ্টা এবং দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে ‘অশ্লীল ও অবমাননাকর’ স্লোগান এবং মন্তব্যে গভীর ক্ষোভ প্রকাশ করেছে দলটি।
বিবৃতিতে বিএনপি নেতারা বলেন, “এ ধরনের বক্তব্য ও অপপ্রচার শুধু রাজনৈতিক পরিবেশকে কলুষিতই করে না, বরং গণতান্ত্রিক উত্তরণ ও জাতীয় নির্বাচন প্রক্রিয়াকেও ব্যাহত করে।”
দলটি সব রাজনৈতিক শক্তিকে পারস্পরিক সম্মান বজায় রেখে দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছে।

