রাজধানীর কদমতলী থানার ধনিয়া এলাকার একটি টিনশেড বাসা থেকে মোছা. সাবিনা বেগম (৩৮) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি ঘিরে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) মোছা. কামরুন নাহার জানান, “সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে সাবিনা বেগমের মরদেহ উদ্ধার করি। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”
প্রাথমিক তথ্যে জানা গেছে, সাবিনার এটি ছিল দ্বিতীয় বিয়ে। আগের ঘরে তার একটি কন্যা সন্তান রয়েছে। তিন মাস আগে তিনি মিরাজ নামের এক যুবকের সঙ্গে বিয়ে করেন। প্রতিবেশীরা জানিয়েছেন, স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই কলহ লেগে থাকত।
এসআই কামরুন নাহার আরও বলেন, “সকাল ৯টার দিকে স্বামী মিরাজ নাস্তা আনতে বাইরে যান। এ সময় সাবিনা ঘরের ভেতর কাঠের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে।”
তবে এটি আত্মহত্যা, না কি অন্য কোনো কারণে মৃত্যু—সেটি নিশ্চিত হতে পুলিশ বিস্তারিত তদন্ত শুরু করেছে।

