বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

২২৩ আসনে প্রার্থী দিল খেলাফত মজলিস, দ্বিকক্ষীয় ব্যবস্থার দাবি মামুনুল হকের

ডেস্ক রিপোর্ট।।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২২৩টি সংসদীয় আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। দলটির আমির মাওলানা মামুনুল হক বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে রাজধানীর পুরানা পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মূসা, প্রচার সম্পাদক মাওলানা হারুনুর রশীদসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

বক্তব্যে মামুনুল হক বলেন, “আমরা বিশ্বাস করি, এককেন্দ্রিক শাসনব্যবস্থা জনগণের প্রকৃত ইচ্ছা প্রতিফলন করতে পারছে না। তাই দ্বিকক্ষীয় সংসদের পক্ষে আমরা অবস্থান নিচ্ছি—যেখানে নিম্নকক্ষে আংশিক অনুপাতিক এবং উচ্চকক্ষে পূর্ণ অনুপাতিক প্রতিনিধিত্ব থাকবে।”
তিনি আরও বলেন, এই কাঠামো দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সহায়ক হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিতে হামলার ঘটনার তীব্র নিন্দা জানান। মামুনুল বলেন, “প্রথমে আইনশৃঙ্খলা বাহিনী নিষ্ক্রিয় থাকলেও সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে, যা প্রশংসনীয়।”

তিনি গোপালগঞ্জবাসীর ঐতিহাসিক ভূমিকার কথা স্মরণ করে বলেন, “এই জেলাই ইসলামপ্রিয় মানুষের ঘাঁটি। তারা এ ধরনের হামলার জবাব দিতে জানে।”

মামুনুল হক বলেন, “বর্তমানে যখন ফ্যাসিবাদবিরোধী ঐক্যের প্রয়োজন, তখন সেই শক্তিগুলো নিজেরাই বিভক্ত হয়ে পড়ছে। একে অপরের বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহারে বিরত থাকা উচিত। এতে কেবল ফ্যাসিবাদী শক্তিগুলোকেই উৎসাহিত করা হয়।”

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন