জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল সম্প্রতি তার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন ব্যক্তিগত লেখা শেয়ার করেছেন, যা অনুরাগীদের মাঝে ব্যাপক আলোড়ন তুলেছে। জীবনের কঠিন সময়, একাকিত্ব এবং আত্ম-উন্নয়নের সংগ্রাম নিয়ে তার এই লেখাটি ইতোমধ্যেই ভাইরাল হয়েছে।
সুনেরাহ লেখেন, “‘আমাকে বাঁচাতে কেউ আসছে না’— এই বাক্যটা এখন অনেকদিন ধরে আমার ব্যক্তিগত মন্ত্র হয়ে দাঁড়িয়েছে।”
তিনি বলেন, দিনের পর দিন ক্রমশ কঠিন হয়ে উঠছে, রাতের নিরবতায় চিন্তা ঘিরে ধরছে। এই মানসিক চাপের মাঝেও তিনি নতুন কিছু শেখার চেষ্টা করেন, নিজেকে এগিয়ে রাখার চেষ্টায় থাকেন।
তার লেখায় উঠে এসেছে একজন নারীর একাকীত্বের লড়াই, আত্মবিশ্বাস ফিরে পাওয়ার প্রচেষ্টা এবং আত্মনির্ভরতার জোরালো বার্তা। তিনি লিখেছেন,
“সবাই নিজের মতো করে প্রাণপণে লড়ছে। কেউ সাহায্য করতে পারে, কিন্তু শেষমেশ বাঁচাতে হবে নিজেকেই।”
সুনেরাহ আরও বলেন, “প্রতিদিন সকালে উঠে বাইরে যাই, যদিও জানি এখনও বৃষ্টি থামেনি, কিন্তু আমি বিশ্বাস করি একদিন না একদিন এই বৃষ্টি থেমে যাবে।”
সুনেরাহর এই পোস্ট অনুরাগীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই মন্তব্যে তাকে সাহস জুগিয়েছেন এবং অনুপ্রেরণাদায়ক বলে অভিহিত করেছেন।
চলচ্চিত্রে তার অনবদ্য অভিনয়ের পাশাপাশি সুনেরাহ বরাবরই স্পষ্টবাদী ও মননশীল মনোভাবের জন্য পরিচিত। ব্যক্তিজীবনের অনুভূতি প্রকাশ করে সামাজিক মাধ্যমে এইভাবে নিজের অবস্থান তুলে ধরায় অনেকেই তার সাহসিকতাকে সাধুবাদ জানিয়েছেন।

