বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

গাজা পরিস্থিতি নিয়ে ‘সুখবর’ জানালেন ট্রাম্প

ডেস্ক রিপোর্ট।।

ফিলিস্তিনের গাজা পরিস্থিতি নিয়ে আশাব্যঞ্জক বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও সরাসরি বিস্তারিত কিছু না বললেও, তিনি ‘ভালো খবর’ রয়েছে বলে মন্তব্য করেছেন। এই ঘোষণাটি এসেছে এমন সময়, যখন কাতারের রাজধানী দোহায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় নিয়ে পরোক্ষ আলোচনা চলছে।

স্থানীয় সময় বুধবার, হোয়াইট হাউসে এক বিল স্বাক্ষর অনুষ্ঠানে মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফকে উদ্দেশ করে ট্রাম্প বলেন,

“আমাদের গাজা নিয়ে কিছু ভালো খবর আছে। আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা উচ্চ পর্যায়ে কাজ করছি।”

এরপর তিনি আরও বলেন, “আপনি (উইটকফ) দারুণ কাজ করছেন।”

বার্তা সংস্থা আনাদোলু জানায়, ডোনাল্ড ট্রাম্প এই মন্তব্য করেছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানির সঙ্গে বৈঠকের আগে। জানা গেছে, দোহায় চলমান আলোচনা ইতিমধ্যে “নাটকীয় অগ্রগতি” অর্জন করেছে।

ইসরায়েলের চ্যানেল ১৩ এক প্রতিবেদনে জানিয়েছে, চুক্তির পথে বড় কোনো বাধা এখন আর নেই। নাম প্রকাশে অনিচ্ছুক এক ইসরায়েলি কর্মকর্তা বলেছেন, প্রধানমন্ত্রী নেতানিয়াহু গাজা থেকে সেনা প্রত্যাহার নিয়ে কিছুটা নমনীয় মনোভাব দেখিয়েছেন, যা আলোচনার গতি বাড়িয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে প্রায় ৫৮ হাজার ৫০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। এখনও নিখোঁজ আছেন প্রায় ১০ হাজার মানুষ। লাখ লাখ মানুষ গৃহহীন হয়ে মানবেতর জীবনযাপন করছেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন