জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার জন্য প্রণীত ‘জুলাই সনদ’ যেন জনসাধারণের কাছে স্বচ্ছ, গ্রহণযোগ্য ও দৃশ্যমান হয়—সেই লক্ষ্যে কাজ করতে জাতীয় ঐকমত্য কমিশনকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত ঐকমত্য কমিশনের নিয়মিত বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।
বৈঠকে ড. ইউনূস বলেন,
“এটি একটি ঐতিহাসিক প্রক্রিয়া। গণঅভ্যুত্থানের চেতনা থেকে উৎসারিত এই জাতীয় ঐকমত্য প্রক্রিয়া জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন। কাজেই পুরো কার্যক্রম স্বচ্ছ, যুক্তিপূর্ণ এবং জনদৃষ্টিতে দৃশ্যমান হওয়া জরুরি।”
তিনি আরও জানান, ঐকমত্য কমিশনের প্রতিটি বৈঠক সরাসরি সম্প্রচার হওয়ায় শুধু দেশেই নয়, আন্তর্জাতিক মহলেও এই উদ্যোগ ইতিবাচক সাড়া ফেলেছে।
বৈঠকে উপস্থিত ছিলেন:
-
কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ
-
সদস্য ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান, সফর রাজ হোসেন
-
সাবেক বিচারপতি এমদাদুল হক
-
প্রশাসন বিশেষজ্ঞ ড. মোহাম্মদ আইয়ুব মিয়া
এছাড়া প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া এবং বিশেষ সহকারী মনির হায়দার বৈঠকে অংশ নেন।
বৈঠকে কমিশনের সদস্যরা জানান, জুলাই সনদ চূড়ান্ত করার কাজে অগ্রগতি হচ্ছে এবং দ্রুততম সময়ের মধ্যে তা সম্পন্ন করার চেষ্টা চলছে।
অধ্যাপক আলী রীয়াজ প্রধান উপদেষ্টাকে জানান, রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্বের সংলাপে আটটি বিষয়ে ইতিমধ্যেই ঐকমত্য হয়েছে। আরও সাতটি বিষয়ে আলোচনা চলমান রয়েছে।
প্রধান উপদেষ্টা বলেন,
“এই সনদ জনগণের স্বপ্ন ও প্রত্যাশার সঙ্গে জড়িত। তাই এর প্রতিটি পদক্ষেপ যেন বিশ্বাসযোগ্য হয়, সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

