জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের (OHCHR) কার্যালয়ের একটি নতুন মিশন আনুষ্ঠানিকভাবে ঢাকায় যাত্রা শুরু করেছে। মানবাধিকার সুরক্ষা ও প্রচারে সহযোগিতার লক্ষ্যে বাংলাদেশ সরকার ও জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশন তিন বছরের একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে।
চলতি সপ্তাহে এই চুক্তি স্বাক্ষরিত হয় বলে শুক্রবার জেনেভা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে জাতিসংঘ মানবাধিকার অফিস। বাংলাদেশ সরকারের পক্ষে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম এবং হাইকমিশনার ফলকার টুর্ক এ চুক্তিতে স্বাক্ষর করেন।
হাইকমিশনার টুর্ক এক বিবৃতিতে বলেন, “এই চুক্তি মানবাধিকারের প্রতি বাংলাদেশের প্রতিশ্রুতিকে দৃঢ় করে। এটি আমাদের মিশনকে তথ্য-ভিত্তিক সুপারিশ বাস্তবায়নে সহায়তা করবে এবং মাঠপর্যায়ে সরকার, নাগরিক সমাজ ও অন্যান্য অংশীদারদের সঙ্গে সরাসরি কাজ করার সুযোগ সৃষ্টি করবে।”
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, এই চুক্তি আনুষ্ঠানিক আলোচনার মাধ্যমে না হলেও পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে সম্পাদিত হয়েছে। চুক্তির মেয়াদ প্রাথমিকভাবে তিন বছর হলেও ভবিষ্যতে তা নবায়নের সুযোগ রয়েছে।
জাতিসংঘের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন এই মিশনটি মানবাধিকার প্রতিশ্রুতি বাস্তবায়নে বাংলাদেশকে প্রযুক্তিগত সহায়তা ও প্রশিক্ষণ দেবে। এছাড়াও সরকারি কর্মকর্তা ও নাগরিক সমাজের প্রতিনিধিদের দক্ষতা বৃদ্ধির দিকেও গুরুত্ব দেবে মিশনটি।

