সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

তাপপ্রবাহে যা করবেন, যা করবেন না

ডেস্ক রিপোর্ট।।

আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি) তাপপ্রবাহজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় জনগণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ৩৮ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি তাপমাত্রা শরীরের ওপর অতিরিক্ত চাপ তৈরি করে এবং হিটস্ট্রোক, পানিশূন্যতা ও অন্যান্য জটিলতা সৃষ্টি করতে পারে।

করণীয় ও সতর্কতা

আইসিডিডিআরবি জানিয়েছে, দুই দিনের বেশি সময় তাপপ্রবাহ স্থায়ী হলে কিছু সতর্কতা ও স্বাস্থ্যবিধি অনুসরণ করা উচিত। যেমন:

  1. ছাতা, ওড়না বা টুপি দিয়ে মাথা ঢেকে রাখা।

  2. ঢিলেঢালা, হালকা রঙের এবং সুতির পোশাক পরা।

  3. নিয়মিত বিশুদ্ধ পানি পান করা, এমনকি পিপাসা না পেলেও।

  4. সরাসরি রোদ এড়িয়ে চলা, বিশেষ করে দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

  5. হালকা ও সহজপাচ্য খাবার খাওয়া এবং ভারী, তেল-মসলা যুক্ত খাবার এড়িয়ে চলা।

  6. নিয়মিত গোসল অথবা শরীরে ঠান্ডা পানি দেওয়া।

বিপদের লক্ষণ যেগুলো অবহেলা করা যাবে না:

  1. অতিরিক্ত ঘাম বন্ধ হয়ে যাওয়া বা শরীর হঠাৎ গরম হয়ে যাওয়া

  2. মাথা ঘোরা, বমি ভাব, চোখে ঝাপসা দেখা

  3. প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া বা গাঢ় রঙ হওয়া

  4. অজ্ঞান হওয়া বা আচরণে অস্বাভাবিকতা

এসব উপসর্গ দেখা গেলে রোগীকে অবিলম্বে ছায়া বা শীতল স্থানে নেওয়ার পরামর্শ দিয়েছে সংস্থাটি। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

বিশেষ সতর্কতা নেওয়ার আহ্বান জানানো হয়েছে শিশু, বৃদ্ধ, গর্ভবতী নারী, প্রতিবন্ধী ব্যক্তি এবং খোলা জায়গায় কাজ করা পেশাজীবীদের ক্ষেত্রে, যেমন: রিকশাচালক, নির্মাণ শ্রমিক ও কৃষক। এছাড়া হৃদরোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ দীর্ঘমেয়াদি রোগীদের জন্যও তাপপ্রবাহ বিশেষ ঝুঁকির কারণ হতে পারে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের প্রাকৃতিক পরিস্থিতি রোধ করা না গেলেও সচেতনতা ও কিছু নিয়ম মেনে চললে গুরুতর স্বাস্থ্যঝুঁকি থেকে অনেকটাই রক্ষা পাওয়া সম্ভব।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন