বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

গাজায় আরও ৫১ ফিলিস্তিনি নিহত

ডেস্ক রিপোর্ট।।

ইসরায়েলি বাহিনীর টানা আগ্রাসনে রক্তাক্ত হয়ে উঠেছে গাজা। শুক্রবার (১৮ জুলাই) নতুন করে হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৫১ জন ফিলিস্তিনি। নিহতদের মধ্যে ১৪ জন ত্রাণ সংগ্রহের জন্য লাইনে দাঁড়িয়ে ছিলেন বলে জানিয়েছে স্থানীয় সূত্র।

আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় গাজায় মানবিক পরিস্থিতি চরম সংকটাপন্ন হয়ে পড়েছে। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP) জানিয়েছে, প্রতি তিনজনের মধ্যে একজন ফিলিস্তিনি নাগরিক দিনের পর দিন অনাহারে কাটাচ্ছেন।

হামাস জানায়, গাজায় আটক বন্দিদের মুক্তি দিতে তারা একটি যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল, তবে সেটি ইসরায়েল প্রত্যাখ্যান করেছে। সংগঠনটি জানিয়েছে, কোনো সমঝোতা না হলে তারা দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে।

এদিকে লেবাননে ইসরায়েলি হামলা ও উত্তেজনার মধ্যে হিজবুল্লাহ নেতা নাইম কাসেম যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেন, “অস্ত্র ছাড়া প্রতিরোধ সম্ভব নয়। আত্মসমর্পণ করবো না, আমাদের অস্ত্র কেড়ে নেওয়া যাবে না।”

এই মন্তব্য যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারী প্রচেষ্টায় বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। মার্কিন দূত থমাস ব্যারাক সম্প্রতি হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণের শর্তে ইসরায়েলের সঙ্গে চুক্তির প্রস্তাব দেন।

লেবাননের নতুন প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম এক সাক্ষাৎকারে বলেন, “২০০০ সালে দক্ষিণ লেবাননকে মুক্ত করতে হিজবুল্লাহর ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল। তবে বর্তমানে এসব অস্ত্র রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে আনা উচিত।”

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলার পর শুরু হওয়া ইসরায়েলি প্রতিক্রিয়ায় এখন পর্যন্ত গাজায় ৫৮ হাজার ৬৬৭ জন নিহত এবং ১ লাখ ৩৯ হাজার ৯৭৪ জন আহত হয়েছেন বলে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন