২০২৫ সালে ব্যস্ত আন্তর্জাতিক সূচির মাঝেই নতুন করে যুক্ত হলো আরও একটি দ্বিপাক্ষিক সিরিজ। আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) অক্টোবর মাসে বাংলাদেশকে নিয়ে আয়োজন করতে যাচ্ছে দুটি সাদা বলের সিরিজ—ওয়ানডে ও টি-টোয়েন্টি। প্রতিটি সিরিজে থাকবে তিনটি করে ম্যাচ।
সিরিজটি আয়োজিত হবে সংযুক্ত আরব আমিরাতে, যা আফগানিস্তানের হোম ভেন্যু হিসেবে ব্যবহৃত হবে। যদিও আফগানিস্তানের বর্তমান হোম ভেন্যু ভারতের গ্রেটার নয়ডা, তবে সেখানে আবহাওয়া ও লজিস্টিক কারণে সিরিজটি আরব আমিরাতে সরিয়ে নেওয়া হয়েছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম বিষয়টি নিশ্চিত করে জানান, “এই সিরিজ আগেই হওয়ার কথা ছিল। স্থগিত হওয়া সিরিজটিই অক্টোবর মাসে মাঠে গড়াবে।”
২০২৪ সালের জুলাইয়ে আফগানিস্তান দুটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজনের কথা বলেছিল। তবে ক্রিকেটারদের ‘ওয়ার্কলোড ম্যানেজমেন্ট’ ইস্যুতে সেই সফর স্থগিত করে বিসিবি। পরবর্তীতে এসিবি টেস্ট বাদ দিয়ে সাদা বলের সিরিজ আয়োজনের প্রস্তাব দেয়, কিন্তু ভারতের গ্রীষ্মকালীন আবহাওয়া উপযুক্ত না হওয়ায় সেটিও স্থগিত হয়ে যায়।
এবার সেই স্থগিত হওয়া ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজই অনুষ্ঠিত হচ্ছে আরব আমিরাতে। তবে টেস্ট সিরিজের ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। বিসিবির ক্রিকেট অপারেশন্স ম্যানেজার শাহরিয়ার নাফীস বলেন, “টেস্ট সিরিজ এখনো ঝুলে আছে। দুই বোর্ড সুবিধাজনক সময়ে তা নিয়ে সিদ্ধান্ত নেবে।”
অক্টোবরের শেষ দিকে বাংলাদেশ নিজেদের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬ ম্যাচের সাদা বলের সিরিজ খেলবে। অন্যদিকে আফগানিস্তান অক্টোবরেই জিম্বাবুয়ে সফরে যাবে। ফলে দুটি দলই অক্টোবরের শুরুতেই এই সিরিজ শেষ করতে আগ্রহী।

