বলিউড বাদশাহ শাহরুখ খান শুটিং সেটে দুর্ঘটনার শিকার হয়েছেন। লন্ডনে চলমান নতুন সিনেমা ‘কিং’-এর শুটিংয়ের সময় স্টান্ট দৃশ্যে অভিনয় করতে গিয়ে গুরুতর পেশির আঘাত পান তিনি। পরিস্থিতি এতটাই জটিল হয়ে ওঠে যে, শুটিং কার্যক্রম অন্তর্বর্তীকালীন বন্ধ রাখতে হয় এবং দ্রুত তাকে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, মুম্বাইয়ের গোল্ডেন টোবাকো স্টুডিওতে একটি অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের সময় এই দুর্ঘটনা ঘটে। ঠিক কোথায় ও কতটা আঘাত পেয়েছেন সে বিষয়ে শাহরুখের টিম এখনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। তবে একাধিক সূত্রের দাবি, পেশিতে চোট পেয়েছেন এবং আগের থেকেই এই জায়গায় ব্যথা ছিল তার।
‘কিং’ সিনেমায় শাহরুখের সঙ্গে প্রথমবার অভিনয় করছেন তার কন্যা সুহানা খান। দীর্ঘদিন ধরে লন্ডনে সিনেমাটির চিত্রায়ণ চলছিল। এই প্রকল্পকে ঘিরে ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে, কারণ বাস্তব জীবনের বাবা-মেয়ে এবার পর্দায় একসঙ্গে দেখা দেবেন।
ঘনিষ্ঠ সূত্র বলছে, “চিকিৎসকদের পরামর্শে শাহরুখকে দ্রুত আমেরিকায় নেওয়া হচ্ছে। সম্পূর্ণ সুস্থ হতে তাকে কমপক্ষে এক মাস বিশ্রামে থাকতে হতে পারে। আপাতত সব কাজ বন্ধ রাখা হয়েছে।”
এই দুর্ঘটনার কারণে সিনেমার পরবর্তী শুটিং সেপ্টেম্বর অথবা নভেম্বর মাসে শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এই খবরে উদ্বিগ্ন হয়ে পড়েছেন শাহরুখের ভক্তরা। সামাজিক মাধ্যমে অনেকে তার সুস্থতা কামনা করে বার্তা দিচ্ছেন। তবে অভিনেতার পরিবারের পক্ষ থেকে ভক্তদের ধৈর্য ধরতে এবং বিভ্রান্তিকর তথ্য এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে।

