সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

বসে খাওয়া নবিজির (সা.) সুন্নত

ডেস্ক রিপোর্ট।।

ইসলাম শুধু ইবাদতেই নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রেই শিষ্টাচার ও আদব শিক্ষা দিয়েছে। এমনকি খাবার খাওয়ার মতো সাধারণ কাজেও রয়েছে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর সুস্পষ্ট নির্দেশনা। তাঁর অভ্যাস অনুযায়ী, যে কোনো খাবার বা পানীয় বসে গ্রহণ করাই সুন্নত।

আনাস (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, “দাঁড়িয়ে পানি পান করো না।” (সহিহ মুসলিম: ২০২৪)। এ বিষয়ে হাদিসের ব্যাখ্যাকারী কাতাদা (রহ.) বলেন, “তাহলে দাঁড়িয়ে খাওয়া কেমন?” জবাবে আনাস (রা.) বলেন, “তা তো আরও মন্দ।”

অন্য বর্ণনায় আবু হুরায়রা (রা.) বলেন, একবার এক ব্যক্তিকে দাঁড়িয়ে পান করতে দেখে নবিজি (সা.) বলেছিলেন, “বমি করে ফেলে দাও।” (মুশকিলুল আসার: ২১০২)। রাসুল (সা.) তাকে বোঝান, শয়তান তার সঙ্গে পান করেছে।

নবিজি (সা.) নিজে কখনো হেলান দিয়ে আহার করতেন না। আবু জুহাইফা (রা.) বলেন, “আল্লাহর রাসুল বলেছেন, আমি হেলান দিয়ে খাবার খাই না।” (সহিহ বুখারি: ৫৩৯৮)। হেলান দেওয়া অবস্থায় খাওয়া অহংকার বা অলসতার বহিঃপ্রকাশ হিসেবে বিবেচিত, যা রাসুল (সা.) অপছন্দ করেছেন।

ইসলামি স্কলারদের মতে, খাবারের সময় বসার আদর্শ ভঙ্গি হলো:

  • দুই হাঁটু বিছিয়ে এক পায়ের ওপর বসা

  • অন্য পা দাঁড় করিয়ে রাখা
    এটি ঠিক সেই ভঙ্গি, যেভাবে আমরা নামাজে তাশাহহুদের সময় বসি। ইমাম বদরুদ্দীন আইনি, ইবনে কায়্যিম (রহ.) প্রমুখ এ বসার ধরনকে সুন্নতি পদ্ধতি হিসেবে অভিহিত করেছেন।

তবে বিশেষ কোনো অসুস্থতা, দুর্বলতা বা ওজর থাকলে দাঁড়িয়ে কিংবা হেলান দিয়ে খাওয়া নাজায়েজ বা হারাম নয়। ইসলাম সবসময় পরিস্থিতি ও মানবিক দিক বিবেচনা করে সহজ পথ গ্রহণের অনুমতি দেয়।

খাবার ও পান করার সময় রাসুলুল্লাহ (সা.)-এর জীবনাচার অনুসরণ করা শুধুই আনুষ্ঠানিকতা নয়, বরং তাতে রয়েছে শৃঙ্খলা, বিনয় এবং আল্লাহর নেয়ামতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ। তাই প্রতিদিনের খাবার গ্রহণে সচেতনভাবে সুন্নাহ অনুযায়ী বসে খাওয়া ও পান করার অভ্যাস গড়ে তোলা উচিত।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন