সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

যুদ্ধের রেশ ক্রিকেটেও: বাতিল ভারত-পাকিস্তান ‘লিজেন্ডস ম্যাচ’

ডেস্ক রিপোর্ট।।

সাম্প্রতিক ভারত-পাকিস্তান সীমান্ত উত্তেজনার রেশ গিয়ে ঠেকেছে আন্তর্জাতিক ক্রীড়া অঙ্গনে। ইংল্যান্ডে অনুষ্ঠিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস (ডব্লিউসিএল)-এর দ্বিতীয় আসরে আজ রোববার ভারত-পাকিস্তানের মধ্যকার প্রতীক্ষিত ম্যাচটি শেষ পর্যন্ত বাতিল করে দেওয়া হয়েছে।

এই সিদ্ধান্ত আসে যখন ভারতীয় দলের একাধিক সাবেক তারকা—যাদের মধ্যে শিখর ধাওয়ান, হরভজন সিং, সুরেশ রায়না, ইরফান ও ইউসুফ পাঠানের মতো গুরুত্বপূর্ণ নাম রয়েছে—পাকিস্তানের বিপক্ষে ম্যাচে না খেলার ঘোষণা দেন। ধাওয়ান এক বিবৃতিতে জানান, “বর্তমান ভূরাজনৈতিক বাস্তবতায় পাকিস্তানের বিরুদ্ধে খেলতে অনিচ্ছুক আমরা।” ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বার্মিংহামের এজবাস্টনে।

গেল এপ্রিলে জম্মু ও কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলায় প্রাণহানি এবং সেনা সংঘাতে চরম উত্তেজনা ছড়ায় ভারত-পাকিস্তান সীমান্তজুড়ে। এর জের ধরেই জুনে শুরু হওয়া সীমান্তযুদ্ধে দুই দেশের বেশ কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হন। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় পরে একটি সাময়িক যুদ্ধবিরতির চুক্তি হলেও, দুই দেশের কূটনৈতিক সম্পর্ক এখনো ভঙ্গুর।

এই প্রেক্ষাপটে ভারতীয় দলের খেলোয়াড়রা পাকিস্তানের বিপক্ষে অংশগ্রহণকে ‘নৈতিকভাবে অগ্রহণযোগ্য’ বলেই উল্লেখ করেছেন।

টুর্নামেন্ট আয়োজক কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, “আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, ভারত-পাকিস্তান ম্যাচটি অনিবার্য কারণে বাতিল করতে হয়েছে। দর্শকদের জন্য এটি হতাশাজনক, তবে বর্তমান পরিস্থিতিতে খেলোয়াড়দের সিদ্ধান্তকে সম্মান জানানোই শ্রেয়।”

গত বছর এই একই টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। উত্তেজনাপূর্ণ সেই ম্যাচে জয় পেয়েছিল ভারতীয় দল। এবার সেই রোমাঞ্চ উপভোগ করার সুযোগ হারাল ক্রিকেটপ্রেমীরা।

বিশ্লেষকরা বলছেন, ক্রিকেট বহুদিন ধরেই ভারত-পাকিস্তান উত্তেজনার কূটনৈতিক বারোমাসি শিকার। ওয়ানডে বা টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই দেশ একে অপরের মুখোমুখি হলেও, দ্বিপাক্ষিক সিরিজ বা প্রীতি ম্যাচে প্রায়ই রাজনীতির ছায়া পড়ে।

ডব্লিউসিএল আয়োজকরা জানিয়েছে, খেলোয়াড়দের নিরাপত্তা ও দেশের সম্মান বজায় রাখাই তাদের প্রথম অগ্রাধিকার। তাই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন কোনো পরিকল্পনা নেই।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন