রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস

ডেস্ক রিপোর্ট।।

হত্যাচেষ্টা মামলায় আত্মসমর্পণ করে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত থেকে জামিন পেয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস।

রোববার (১৩ জুলাই) হাইকোর্টের নির্দেশ অনুযায়ী তিনি সিএমএম আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাঁর জামিন মঞ্জুর করেন।

২০২৪ সালের ১৯ জুলাই, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর ভাটারা থানায় দায়ের হওয়া একটি হত্যাচেষ্টা মামলায় অপু বিশ্বাসের নাম আসামিদের তালিকায় উঠে আসে। মামলায় অভিযোগ করা হয়—সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট ২৮৩ জনকে লক্ষ্য করে সংঘটিত ঘটনাটিতে বেশ কয়েকজন তারকাও জড়িত ছিলেন।

ওই মামলায় অপু বিশ্বাস, আসনা হাবিব ভাবনা, নুসরাত ফারিয়া, জায়েদ খান সহ ১৭ জন বিনোদন জগতের তারকাকে আসামি করা হয়।

এর আগে, গত ২ জুন হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের আগাম জামিন নিয়েছিলেন অপু বিশ্বাস। জামিনের মেয়াদ শেষে আদালতের নির্দেশনা অনুযায়ী তিনি নিম্ন আদালতে আত্মসমর্পণ করেন এবং জামিননামা দাখিল করেন।

ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান শুনানি শেষে জামিন মঞ্জুর করেন। আদালত জামিন প্রদানের সময় তদন্তে সহযোগিতা এবং পরবর্তী শুনানিতে উপস্থিত থাকার নির্দেশনা দেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন