রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

জিমিনির চোখ ফাঁকি দিয়ে জিমেইল হ্যাকিংয়ের নতুন কৌশল, গুগলের সতর্কবার্তা

ডেস্ক রিপোর্ট।।

বিশ্বজুড়ে ১৮০ কোটিরও বেশি জিমেইল ব্যবহারকারীদের হ্যাকিংয়ের নতুন এক কৌশল নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে গুগল। প্রতিষ্ঠানটি সতর্ক করে জানিয়েছে, হ্যাকাররা এখন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক গুগল অ্যাসিস্ট্যান্ট ‘জিমিনি’কে ব্যবহারের ফাঁক গলে পাসওয়ার্ডসহ সংবেদনশীল তথ্য চুরি করছে।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, হ্যাকাররা এমন ইমেইল পাঠাচ্ছে যেগুলোর ফন্ট সাইজ শূন্য এবং রঙ সাদা করে দেওয়া হয়, ফলে সেটি চোখে পড়ে না। এই ‘অদৃশ্য’ বার্তাগুলোই আসল বিপদের উৎস।

ব্যবহারকারীরা যখন “Summarize this email” বলে জিমিনিকে নির্দেশ দেন, তখন এই লুকানো বার্তাগুলোর সারাংশও তৈরি হয়ে যায়। অনেক সময় এতে গুগল সাপোর্ট নামে ভুয়া ফোন নম্বর বা লিঙ্ক দেওয়া থাকে, যা ব্যবহারকারীকে ফাঁদে ফেলতে যথেষ্ট।

গুগলের সতর্কতা: যেভাবে নিজেকে সুরক্ষিত রাখবেন

গুগল জানিয়েছে, তাদের প্ল্যাটফর্ম থেকে সরাসরি কখনোই পাসওয়ার্ড পরিবর্তনের অনুরোধ আসবে না জিমিনির মাধ্যমে। তাই নিম্নলিখিত সতর্কতা অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে:

1.ইমেইলের সারাংশে যদি “Urgent Security Alert” বা “Password Reset” জাতীয় বার্তা আসে, সেটি যাচাই করুন।

2. জিমিনির রিকমেন্ডেশনের ওপর পুরোপুরি নির্ভর না করে মেইলটি নিজে ভালো করে পড়ুন।

3. অচেনা নম্বর বা লিঙ্কে ক্লিক না করে গুগলের অফিশিয়াল সাইট থেকে যাচাই করুন।

 4.কোনো সন্দেহজনক মেইল পেলে সঙ্গে সঙ্গে রিপোর্ট করুন। 

প্রযুক্তির অগ্রগতি যেমন আমাদের কাজ সহজ করছে, তেমনি হ্যাকাররাও সেই প্রযুক্তিকেই অস্ত্র হিসেবে ব্যবহার করছে। তাই ডিজিটাল জগতে চলতে হলে প্রয়োজন প্রযুক্তি-সচেতনতা ও সতর্কতা।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন