বাংলা ভাষার ওপর ‘সন্ত্রাস’ চলছে বলে বিস্ফোরক মন্তব্য করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জী। শহীদ দিবস উপলক্ষে সোমবার (২১ জুলাই) কলকাতার ধর্মতলার বিশাল জনসভা থেকে কেন্দ্রীয় বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ শানিয়ে তিনি বলেন, “বাংলা ভাষায় কথা বললেই যদি কাউকে গ্রেপ্তার করা হয়, তবে সেই লড়াই এবার দিল্লির রাস্তায় হবে। দরকার হলে আবার ভাষা আন্দোলন হবে।”
মমতা ব্যানার্জী বলেন, “বাংলা শুধু একটি ভাষা নয়, এটি বাঙালির আত্মপরিচয়। এ মাটিই জন্ম দিয়েছে রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, নজরুলের মতো মহাপুরুষদের। এখান থেকেই রচিত হয়েছে ভারতের জাতীয় সংগীত। সেই বাংলার ভাষাকে দমন করার চেষ্টা চলছে। আমরা তা হতে দেব না।”
সভায় মমতা দাবি করেন, বাংলার ধারাবাহিক উন্নয়ন বিজেপিকে অস্বস্তিতে ফেলেছে। সেই কারণেই ভাষা ও সংস্কৃতির উপর ‘সন্ত্রাস’ চালিয়ে রাজনৈতিকভাবে বাঙালিদের কোণঠাসা করার চেষ্টা চলছে। “বাংলা বলার অপরাধে হাজার হাজার মানুষকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, কাউকে রাজস্থানের জেলে রাখা হয়েছে। বিচারের বাণী আজ নিভৃতে কাঁদছে,”— বলেন মমতা।
রাজনৈতিক ও সামাজিক নিয়ন্ত্রণের অভিযোগ তুলে মমতা বলেন, “এখন কী খাব, কী পরব, তাও বিজেপি ঠিক করে দেবে? এক নেতা তো দাবি করেছেন, বাংলায় ১৭ লাখ রোহিঙ্গা আছে! এই ধরনের মন্তব্য বাংলার মানুষকে অপমান করার শামিল।”
সভা থেকে বিজেপির বিরুদ্ধে সাম্প্রদায়িক রাজনীতির অভিযোগও তোলেন তৃণমূল নেত্রী। বলেন, “মানুষকে হিন্দু-মুসলমান করে ভাগ করার ষড়যন্ত্র চলছে। কিন্তু বাংলা এই বিভাজনের রাজনীতি মানে না। আমরা সবাই একসঙ্গে আছি এবং থাকব।”

