সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

দিয়াবাড়ি বিমান দুর্ঘটনার আগাম ‘ভবিষ্যদ্বাণী’? সাইবার বিশেষজ্ঞরা বলছেন— এটি ছিল স্ক্যাম পেজের গুজব

ডেস্ক রিপোর্ট।।

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফটি-৭ বিজিআই যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার একদিন আগেই একটি রহস্যময় ফেসবুক পেজে “একটি স্কুল ভবন ধসে পড়বে এবং বহু শিশু মারা যাবে” বলে সতর্কবার্তা দেওয়া হয়—যা এখন সামাজিক মাধ্যমে ভাইরাল।

পাঠকদের একাংশ এই বার্তাকে ভবিষ্যদ্বাণী ভাবলেও, সাইবার বিশেষজ্ঞরা বলছেন, ঘটনাটি ছিল একটি ভুয়া ও বিভ্রান্তিকর স্ক্যাম প্রচারণা।

২০ জুলাই, দুর্ঘটনার ঠিক আগের দিন একটি ভেরিফায়েড ফেসবুক পেজ—“Anonymous Main Page”—লিখে:

“একটি স্কুল বিল্ডিং ধসে পড়তে যাচ্ছে, বহু শিশু মারা যাবে। আমরা একটি বড় বিপর্যয় এগিয়ে আসতে দেখছি।”

বিধ্বস্তের পরদিন, ২১ জুলাই, ওই একই পেজ থেকে বিমান দুর্ঘটনার ভিডিও পোস্ট করে দাবি করা হয়:

“আমরা সবসময় আগেই সতর্ক করি, কিন্তু কেউ গুরুত্ব দেয় না।”

এই পোস্ট ঘিরে ভয়ের আবহ ছড়িয়ে পড়ে, অনেকেই প্রশ্ন তুলেছেন—এত নির্ভুলভাবে কেউ আগেই কীভাবে জানলো?

প্রোবফ্লাই আইটি-এর প্রতিষ্ঠাতা ও সাইবার বিশ্লেষক আব্দুল্লাহ আল ইমরান জানান,

“এই পেজের মূল উদ্দেশ্য ছিল অনলাইন বেটিং, স্ক্যামিং ও ট্রাফিক জেনারেশন। যেকোনো বড় ঘটনা সামনে রেখে তারা আগে থেকেই রহস্যময় বার্তা দেয়, যাতে ঘটনার পর সেটিকে ভবিষ্যদ্বাণী হিসেবে ব্যবহার করে ভাইরাল হতে পারে।”

তাদের অনুসন্ধানে জানা গেছে, পেজটি দুই নাইজেরিয়ান ও এক আমেরিকান নাগরিকসহ মোট চারজন পরিচালনা করছিলেন। অনুসন্ধান শুরুর পর তারা আইডিগুলো ডিএক্টিভেট করে দেয়, এবং বর্তমানে পেজটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না।

এএফপি ফ্যাক্ট-চেক বাংলাদেশের সাবেক সম্পাদক কদরুদ্দিন শিশির জানান:

“এই পেজটির কোনো সম্পর্ক নেই বিশ্বব্যাপী পরিচিত হ্যাকার গ্রুপ ‘অ্যানোনিমাস’-এর সঙ্গে। এটি কেবল অনলাইন জুয়া ও ক্লিকবেইট প্রচারণার মাধ্যম ছিল।”

বিশেষজ্ঞদের পরামর্শ:

  • যাচাই ছাড়া সোশ্যাল মিডিয়ার গুজব বিশ্বাস করবেন না

  • বিপর্যয়ের পর গুজব ছড়ানো অনৈতিক ও শাস্তিযোগ্য

  • কর্তৃপক্ষ বা নির্ভরযোগ্য সূত্র ছাড়া ‘ভবিষ্যদ্বাণী’ জাতীয় পোস্ট থেকে দূরে থাকুন

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন