মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনার পর হতাহতের সংখ্যা নিয়ে বিভিন্ন গুজব ও অপপ্রচার ছড়ানো হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং। মঙ্গলবার (২২ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে এসব তথ্য স্পষ্ট করে জানানো হয়।
বিবৃতিতে বলা হয়েছে, দুর্ঘটনায় নিহত ও আহত প্রত্যেকের তথ্য যাচাই বাছাই করে সরকার সহ সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষ একযোগে তালিকা প্রস্তুত করছে। মৃতদের শনাক্তের জন্য প্রয়োজনীয় ডিএনএ পরীক্ষা ও অন্যান্য পদক্ষেপ নেওয়া হচ্ছে। একইসঙ্গে ঢাকার বিভিন্ন হাসপাতালে আহতদের সুচিকিৎসার জন্য সর্বোচ্চ চেষ্টা চলছে।
বিবৃতিতে আরও বলা হয়, “আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, কিছু মহল থেকে হতাহতের তথ্য গোপন করার অপপ্রচার চালানো হচ্ছে যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। সরকার, সেনাবাহিনী, বিদ্যালয় ও হাসপাতাল কর্তৃপক্ষ একযোগে সঠিক তথ্য সংগ্রহ ও প্রকাশের কাজ অব্যাহত রেখেছে।”
প্রেস উইংয়ের পক্ষ থেকে জনসাধারণের প্রতি অনুরোধ করা হয়েছে, “যদি কেউ নিখোঁজ থাকে, দ্রুত স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। একটি কন্ট্রোল রুম কার্যক্রম শুরু করা হয়েছে নিখোঁজদের সন্ধানে সহায়তার জন্য।”
এদিকে, বিদ্যালয়ের রেজিস্ট্রি খাতা ও অন্যান্য নথি থেকে এখনও নিখোঁজ রয়েছেন কি না তা যাচাই করা হচ্ছে বলে জানানো হয়।

