সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

আরও চড়া হতে পারে স্বর্ণের দাম

ডেস্ক রিপোর্ট।।

যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার বাণিজ্য উত্তেজনা বিশ্ববাজারে স্বর্ণের দামে নতুন উর্ধ্বগতির আভাস দিচ্ছে। বিনিয়োগকারীরা ঝুঁকিপূর্ণ সম্পদের বদলে নিরাপদ আশ্রয় হিসেবে স্বর্ণে বিনিয়োগ বাড়াতে শুরু করেছেন।

 বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সোমবার (২১ জুলাই) সকালে আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম দাঁড়িয়েছে প্রতি আউন্স ৩,৩৫২.১৯ ডলার, যা গত মাসের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। এদিন ফিউচার মার্কেটেও স্বর্ণের দাম ছিল ৩,৩৫৮.৭০ ডলার।

বিশ্লেষকরা বলছেন, আগামী ১ আগস্টের মধ্যে যুক্তরাষ্ট্র যদি ইউরোপীয় ইউনিয়ন ও মেক্সিকোর সঙ্গে কোনো বাণিজ্য চুক্তিতে পৌঁছাতে না পারে, তবে স্বর্ণের দাম আরও বাড়তে পারে। এমনকি তা আউন্সপ্রতি ৩,৪০০ ডলার ছাড়িয়ে যেতে পারে বলেও শঙ্কা করছেন বাজার বিশেষজ্ঞরা।

বাজার বিশ্লেষক জনাথন গেইল বলেন,
“বিনিয়োগকারীরা এখন মূলত নিরাপদ সম্পদের দিকে ঝুঁকছেন, যার মধ্যে স্বর্ণ শীর্ষে রয়েছে।”

বাণিজ্য শুল্কের হুমকি কী বলছে?
১২ জুলাই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ঘোষণা দেন, ইউরোপীয় ইউনিয়ন ও মেক্সিকো থেকে পণ্যে ৩০ শতাংশ আমদানি শুল্ক আরোপ করা হবে যদি বাণিজ্য আলোচনায় অগ্রগতি না হয়। এই ঘোষণাই মূলত বাজারে অনিশ্চয়তা তৈরি করেছে।

দেশের বাজারে স্বর্ণের দাম এখনো অপরিবর্তিত

বাংলাদেশে এখন পর্যন্ত আন্তর্জাতিক বাজারের পরিবর্তনের কোনো প্রভাব দেখা যায়নি। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ ৭ জুলাই দাম সমন্বয় করে। এখনো সে দামেই স্বর্ণ বিক্রি হচ্ছে।

বর্তমানে বাংলাদেশে ভরিপ্রতি স্বর্ণের দাম (২২ জুলাই ২০২৫):

  • ২২ ক্যারেট: ১,৭০,৫৫১ টাকা

  • ২১ ক্যারেট: ১,৬২,৭৯৪ টাকা

  • ১৮ ক্যারেট: ১,৩৯,৫৪৮ টাকা

  • সনাতন পদ্ধতি: ১,১৫,৩৯১ টাকা

বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে দাম বাড়তে থাকলে দেশীয় বাজারেও শিগগিরই মূল্য সমন্বয়ের সম্ভাবনা রয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন