মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মেহনাজ আফরিন হুমায়রার (৮) মরদেহ নিয়ে গ্রামের বাড়ি টাঙ্গাইল যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে একটি অ্যাম্বুলেন্স। এতে নিহত হুমায়রার কয়েকজন স্বজন আহত হন।
দুর্ঘটনাটি ঘটে সোমবার দিবাগত রাত ২টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায়। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, অ্যাম্বুলেন্সটি মহাসড়কে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে কাত হয়ে যায়। এতে গাড়িতে থাকা কয়েকজন যাত্রী আহত হন।
আহতদের মধ্যে কেউ গুরুতর না হলেও, তাৎক্ষণিকভাবে নিকটস্থ সেনা সদস্যরা তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে আহতরা বাড়ি ফিরে যান।
হুমায়রা রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি টাঙ্গাইলের সখিপুর থানার তেলিপাড়া এলাকায়। বাবার নাম দেলোয়ার হোসেন।
সোমবার দুপুরে বিমান দুর্ঘটনার ঘটনায় স্কুল প্রাঙ্গণে তার মৃত্যু হয় বলে জানা গেছে। পরে তার মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।
স্কুল কর্তৃপক্ষ এবং স্থানীয়রা হুমায়রার মৃত্যু ও অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

