মাইলস্টোন কলেজে ভয়াবহ দুর্ঘটনার প্রেক্ষাপটে উদ্ভূত জনমত ও শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব সিদ্দিক জোবায়েরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করেছে অন্তর্বর্তীকালীন সরকার।
মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে এক সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা ও জনপ্রশাসন বিষয়ক কমিটির সদস্য সচিব মাহফুজ আলম।
তিনি জানান, মাইলস্টোন ট্র্যাজেডির পূর্ণাঙ্গ তদন্তে একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের প্রক্রিয়া চলছে। শিক্ষার্থীদের ছয় দফা দাবি সমন্বয় করেই এই কমিটি গঠিত হবে।
ট্র্যাজেডির রেশ কাটতে না কাটতেই, এইচএসসি পরীক্ষা অব্যাহত রাখার সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা গতকাল সচিবালয় ঘেরাও করে বিক্ষোভ করে। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে তারা সচিবালয়ের সামনে জড়ো হয়ে প্রবেশপথগুলো অবরুদ্ধ করে ফেলে। পরে নিরাপত্তা বলয় ভেদ করে সচিবালয়ের ভেতরে প্রবেশ করে বিক্ষোভ চালায়।
পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠায়, অবশেষে শিক্ষা সচিবকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় সরকার। পাশাপাশি আগামী ২৪ জুলাইয়ের এইচএসসি পরীক্ষাও স্থগিত ঘোষণা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার।
তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেন,
“ছাত্রছাত্রীদের ন্যায্য দাবি সরকার সর্বোচ্চ গুরুত্ব সহকারে বিবেচনা করছে। এই ঘটনার পূর্ণ তদন্ত হবে এবং দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”
মাইলস্টোন দুর্ঘটনার ঘটনায় শিক্ষার্থীদের নিরাপত্তা ও মানসিক স্বাস্থ্য নিয়ে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে। সংশ্লিষ্ট মহল মনে করছে, এই পদক্ষেপ সরকারের জবাবদিহিতার একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত।

