রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

গুলিস্তানে শিক্ষার্থী-আইনশৃঙ্খলা বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়া, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ডেস্ক রিপোর্ট।।

রাজধানীর গুলিস্তানে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। সচিবালয়ের গেট ভাঙচুর, পুলিশের লাঠিচার্জ ও শিক্ষার্থীদের ইট-পাটকেল ছোড়ার ঘটনায় সৃষ্টি হয় চরম উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পুলিশ।

মঙ্গলবার বিকেল ৫টার দিকে জাতীয় স্টেডিয়ামসংলগ্ন এলাকায় সংঘর্ষের সূত্রপাত হয়। এর আগে বিকেল ৪টার দিকে সচিবালয়ের এক নম্বর গেট ভেঙে ভেতরে ঢুকে পড়েন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। তারা সচিবালয়ের ভেতরে থাকা কয়েকটি সরকারি গাড়িও ভাঙচুর করেন।

সচিবালয়ের ভেতর থেকে শিক্ষার্থীদের সরাতে লাঠিচার্জ শুরু করে পুলিশ। শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে গুলিস্তান, শিক্ষা ভবন এবং বায়তুল মোকাররম এলাকায় ছড়িয়ে পড়েন। পরে গুলিস্তানে আইনশৃঙ্খলা বাহিনী ও শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। পরিস্থিতি সামাল দিতে কয়েক দফায় কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, তারা শিক্ষা উপদেষ্টা ড. চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার) ও শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরের পদত্যাগ দাবি করছেন।
তাদের অভিযোগ, পরীক্ষার তারিখ স্থগিত এবং শিক্ষা ব্যবস্থার ওপর আচমকা সিদ্ধান্তে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

দুপুর ২টার পর থেকে শিক্ষার্থীরা সচিবালয় ও শিক্ষা ভবনের সামনে অবস্থান নিয়ে নানা স্লোগান দিতে থাকেন—
“আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব দে”
“ভুয়া ভুয়া শিক্ষা উপদেষ্টা চাই না”

সচিবালয় এলাকায় শিক্ষার্থীদের ঢল ও উত্তপ্ত পরিস্থিতির কারণে আশপাশের সড়কে যান চলাচল বিঘ্নিত হয়। পথচারীদের অনেকে পাশের গলিতে আশ্রয় নেন। বায়তুল মোকাররমের আশপাশে থাকা সাধারণ মানুষও আতঙ্কে পড়েন।

ডিউটিতে থাকা পুলিশের একজন কর্মকর্তা জানান,
“শিক্ষার্থীদের সঙ্গে বারবার আলোচনার চেষ্টা করা হলেও তারা অতিমাত্রায় উত্তেজিত হয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড প্রয়োগ করতে হয়েছে।”

এই বিক্ষোভের সূত্রপাত হয় পরীক্ষা স্থগিত ও শিক্ষা উপদেষ্টার ভূমিকা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ থেকে। সোমবার থেকেই রাজধানীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা আন্দোলনে নামেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন