ফুটবল মাঠের জাদুকর নেইমার জুনিয়র এবার শিরোনামে নিজের পায়ের জাদু নয়, বরং কেনাকাটার জন্য। সম্প্রতি তিনি যুক্ত করেছেন তার গ্যারেজে এক অবিশ্বাস্য সংযোজন—ক্রিস্টোফার নোলানের ‘ডার্ক নাইট ট্রিলজি’র অনুপ্রেরণায় নির্মিত ব্যাটমোবাইলের কার্যকরী রেপ্লিকা।
প্রায় ২২ কোটি টাকার এই ব্যাটমোবাইলের মাধ্যমে নেইমার যেন ফিরে গেছেন নিজের শৈশবের প্রিয় সুপারহিরো ব্যাটম্যানের জগতে। যদিও গাড়িটি ব্রাজিলে রাস্তায় চালানোর জন্য অনুমোদিত নয়, তবু এই ব্যতিক্রমী সংগ্রহে সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ঝড় তুলেছেন তিনি।
গাড়িটির ডিজাইন করা হয়েছে আদেমার কাবরাল নামের এক ডিজাইনারের তত্ত্বাবধানে। এটি তৈরি করতে সময় লেগেছে তিন বছর, আর এতে কাজ করেছেন ৫০ জন। ৫০০ হর্সপাওয়ারের ভি-৮ টারবাইন ইঞ্জিন, পেছন থেকে আগুন ছোড়ার নকল ফিচারসহ সম্পূর্ণ সিনেমাটিক রূপে হাজির ব্যাটমোবাইল এখন নেইমারের ব্যক্তিগত গ্যারেজে।
সত্ত্বেও, গাড়িটি কোনো রোড লাইসেন্স, নির্গমন মান বা টেস্টিং পাস করেনি। তাই নেইমার সেটি চালাতে পারছেন না জনসাধারণের রাস্তায়। সান্ত্বনা হিসেবে নিজের প্রাসাদসম কম্পাউন্ডে বানিয়েছেন একটি ছোট ট্র্যাক।
সমালোচনার জবাবে নেইমার বলেন, “টাকা নয়, এটি আমার শৈশবের স্বপ্ন। ব্যাটম্যান আমার প্রিয় চরিত্র ছিল সবসময়। আজ সেটিকে বাস্তবে দেখা মানে ছোট নেইমারকে খুশি করা।”
তিনি আরও জানান, স্থানীয় শিশুদের জন্য আয়োজন করেছেন ‘ব্যাটমোবাইল ডে’। ওই দিন শিশুরা এসেছিল, ছবি তুলেছে, খুশি হয়েছে। “এটাই তো সেরা বিনিয়োগ,” মন্তব্য করেন নেইমার।
যদিও অনেকে এটিকে ‘ভোগবাদী বিলাস’ আখ্যা দিয়েছেন। একজন এক্স (সাবেক টুইটার) ব্যবহারকারী লিখেছেন, “যেখানে লাখো মানুষ না খেয়ে দিন কাটায়, সেখানে এমন বিলাসিতা দায়িত্বজ্ঞানহীন।” তবে অনেকেই আবার এটিকে নেইমারের ব্যক্তিগত পছন্দ ও কল্পনার প্রতি সম্মান বলে সমর্থন করছেন।
এটা প্রথম নয়, এর আগে নেইমারের গ্যারেজে যুক্ত হয়েছে ল্যাম্বরগিনি হুরাকান, ফেরারি পুয়েরোসাঙ্গুয়ে, অডি আর৮, বেন্টলি কন্টিনেন্টাল, অ্যাস্টন মার্টিন ডিবিএক্সসহ একাধিক দৃষ্টিনন্দন গাড়ি।

