রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

মাইলস্টোন খুলছে রোববার, শুরুতে নবম-দ্বাদশ শ্রেণির ক্লাস

ডেস্ক রিপোর্ট।।

ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার মর্মান্তিক ঘটনার পাঁচ দিন পার হতে না হতেই পুনরায় সীমিত পরিসরে ক্লাস চালুর ঘোষণা দিয়েছে স্কুল কর্তৃপক্ষ।

প্রতিষ্ঠানটির ভাইস প্রিন্সিপাল (অ্যাডমিন) মোহাম্মদ মাসুদ আলম বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে জানান, আগামী রোববার (২৭ জুলাই) থেকে নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু হবে। পরবর্তীতে ধাপে ধাপে অন্যান্য শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস চালু করার পরিকল্পনা রয়েছে।

পাঁচ দিন আগে উত্তরার একটি জনবহুল এলাকায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত নিহত ও আহতের সংখ্যা দুই শতাধিক, যাদের অধিকাংশই শিশু ও প্রতিষ্ঠানটির শিক্ষার্থী।

ভাইস প্রিন্সিপাল মাসুদ আলম বলেন, “আমরা ধাপে ধাপে একাডেমিক কার্যক্রম স্বাভাবিক করার চেষ্টা করছি। বর্তমানে শিক্ষার্থী ও অভিভাবকদের মানসিক সহায়তা এবং সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।”

তিনি আরও জানান, ক্লাস শুরুর বিষয়ে আজই (২৪ জুলাই) বিস্তারিত একটি নোটিশ গণমাধ্যম ও অভিভাবকদের কাছে পৌঁছানো হবে।

প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, বিধ্বস্ত ভবনের ক্ষতিগ্রস্ত অংশে আপাতত কোনো শ্রেণিকক্ষে পাঠদান হবে না। বিকল্প শ্রেণিকক্ষ এবং মানসিক স্বাস্থ্য সহায়তার জন্য বিশেষ কাউন্সেলিং টিম প্রস্তুত রাখা হয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন