দুধ খাওয়া স্বাস্থ্যকর—এ নিয়ে সন্দেহ নেই। তবে অনেকেই দ্বিধায় থাকেন, দুধ কি গরম করে খাবেন নাকি ঠান্ডা অবস্থায়? পুষ্টিবিদরা বলছেন, আপনার শরীর ও প্রয়োজনের ওপর নির্ভর করেই ঠিক হবে কোন ধরনের দুধ আপনার জন্য ভালো।
যাদের অনিদ্রা আছে, তাদের জন্য গরম দুধ হতে পারে স্বস্তির পথ। গরম দুধে থাকা অ্যামাইনো অ্যাসিড এবং ট্রিপটোফ্যান ঘুম আনার ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখে। এছাড়া সর্দি-কাশি, জ্বর কিংবা মাসিককালীন ব্যথার মতো অসুস্থতায়ও গরম দুধ দেহে আরাম দেয়।
ডায়েটিশিয়ানরা বলছেন, যাদের হজমের সমস্যা বা গ্যাস্ট্রিকের প্রবণতা বেশি, তাদের জন্য ঠান্ডা দুধ বেশি উপযোগী। ঠান্ডা দুধ অন্ত্রে শীতলতা এনে হজমে সহায়তা করে। আবার যাদের কোষ্ঠকাঠিন্য আছে, তারা ইসবগুল মিশিয়ে ঠান্ডা দুধ খেলে উপকার পাবেন।
ঠান্ডা দুধ বিপাকক্রিয়া (মেটাবলিজম) বাড়াতে সাহায্য করে, ফলে এটি ওজন কমাতে আগ্রহীদের জন্য সহায়ক হতে পারে। এছাড়া এতে থাকা প্রাকৃতিক ইলেকট্রোলাইট শরীরের পানিশূন্যতা রোধ করে ও গরমে ত্বক সুস্থ রাখে।

