বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

চব্বিশের জুলাইয়ের আগে আওয়ামী সন্ত্রাসে নিহতদের তালিকা তৈরির নির্দেশ প্রধান উপদেষ্টার

ডেস্ক রিপোর্ট।।

২৪ জুলাইয়ের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে বিগত ১৫ বছরে ছাত্রলীগ ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের সন্ত্রাসী হামলা ও রাষ্ট্রীয় বাহিনীর হাতে নিহতদের তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সেইসঙ্গে সব ঘটনায় স্বাধীন তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিকালে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শহীদ আবরার ফাহাদের পরিবার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

সাক্ষাৎকালে আবরারের বাবা মোহাম্মদ বরকত উল্লাহ বলেন, “দেশের স্বার্থে কথা বলার দায়ে আমার ছেলেকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমি চাই, দেশের আর কোনো বাবা-মা যেন এমন ক্ষতির মুখে না পড়েন।”

তিনি কুষ্টিয়ার গড়াই নদীর ওপর একটি সেতু নির্মাণের দাবি জানিয়ে বলেন, “৩০ হাজারের বেশি মানুষ প্রতিদিন দুর্ভোগে পড়ছে। আবরারের স্মরণে এখানে একটি সেতু হলে, তা হবে তার স্বপ্নের বাস্তবায়ন।”

আবরারের ছোট ভাই আবরার ফাইয়াজ বলেন, “শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে র‍্যাগিং ও নিপীড়ন বন্ধে এখনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। শিক্ষার্থীদের জন্য সহনশীল ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি।”

প্রধান উপদেষ্টা ইউনূস বলেন, “আবরার হত্যাকাণ্ড গোটা জাতিকে স্তব্ধ করেছিল। তার স্মৃতি আমাদের ন্যায়বিচার ও মানবাধিকারের প্রতি দায়িত্ববোধ স্মরণ করিয়ে দেয়। ২৪ জুলাইয়ের গণআন্দোলনের প্রাক্কালে বিগত বছরগুলোতে যারা রাজনৈতিক সহিংসতার শিকার হয়েছেন, তাদের প্রত্যেকের ঘটনা তদন্ত করে ন্যায়বিচার নিশ্চিত করা হবে।”

তিনি আরও জানান, দলীয় সন্ত্রাসের পাশাপাশি রাষ্ট্রীয় বাহিনীকে রাজনৈতিক দমননীতির অংশ হিসেবে ব্যবহার করে সংঘটিত হত্যাকাণ্ডগুলোরও তদন্ত চলছে। নিহতদের পরিবারকে সহায়তা দিতে একটি পৃথক তহবিল গঠনের পরিকল্পনাও বিবেচনায় রয়েছে বলে জানান তিনি।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন