বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

সিলেটে শুরু যুক্তরাষ্ট্র-বাংলাদেশের যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং-২০২৫’

ডেস্ক রিপোর্ট।।

বাংলাদেশ সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি কমান্ডের যৌথ অংশগ্রহণে ‘এক্সারসাইজ টাইগার লাইটনিং (টিএল)-২০২৫’ শীর্ষক একটি যৌথ সামরিক মহড়া শুরু হয়েছে।

শুক্রবার (২৫ জুলাই) সিলেটের জালালাবাদ সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেডের আয়োজনে এ মহড়ার উদ্বোধন করা হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি কমান্ডের ডেপুটি কমান্ডিং জেনারেল, মেজর জেনারেল অ্যাসকট এ. উইন্টার। তিনি মহড়ার তাৎপর্য তুলে ধরে বলেন, “আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষা ও সন্ত্রাসবিরোধী সক্ষমতা বৃদ্ধিতে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

মহড়াটি ৩০ জুলাই পর্যন্ত চলবে এবং এতে অংশ নিচ্ছেন যুক্তরাষ্ট্রের নেভাডা ন্যাশনাল গার্ডের ৬৬ জন এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেডের ১০০ জন সেনাসদস্য।

আইএসপিআর জানিয়েছে, যৌথ এই অনুশীলনের মূল লক্ষ্য হলো— সন্ত্রাস দমন, দুর্যোগ ব্যবস্থাপনা এবং মানবিক সহায়তা প্রদানের ক্ষেত্রে যৌথ প্রস্তুতি এবং পারস্পরিক সামরিক সমন্বয় জোরদার করা।

বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সামরিক প্রশিক্ষণ পরিদপ্তরের পরিচালক, এয়ার ডিফেন্স পরিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং প্যারা কমান্ডো ব্রিগেডের কমান্ডার।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন