বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

“বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন অর্থহীন” — এনসিপি’র পথসভায় নাহিদ ইসলাম

ডেস্ক রিপোর্ট।।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “বিচার ও রাজনৈতিক সংস্কার ছাড়া নির্বাচন কেবল লোক দেখানো প্রক্রিয়ায় রূপ নেবে। আমরা নির্বাচন চাই, তবে সেই নির্বাচনের আগে প্রয়োজন জনগণের মর্যাদা, কর্মসংস্থান ও ন্যায়ের নিশ্চয়তা।”

শনিবার দুপুরে মৌলভীবাজার শহরের বেড়িরপাড় পয়েন্টে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, “গণঅভ্যুত্থানের পর জনগণ অর্থনৈতিক বৈষম্য দূরীকরণ, তরুণদের কর্মসংস্থান এবং মানবিক মর্যাদার স্বপ্ন নিয়ে পথে নেমেছিল। কিন্তু সেই সব দাবিকে একমাত্র নির্বাচনী ইস্যুতে পরিণত করে মূল লক্ষ্য থেকে সরে আসা হয়েছে।”

তিনি আরও বলেন, “যদি নির্বাচনই হয় একমাত্র লক্ষ্য, তাহলে সংস্কার, বিচার এবং সংবিধান সংশোধন নিয়ে আলোচনার জায়গা কোথায়? আমরা চাই একটি ন্যায্য রাষ্ট্র কাঠামো, যেখানে সবাই সমান মর্যাদায় বসবাস করতে পারে।”

সীমান্তবর্তী জেলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “আসাম ও ত্রিপুরার সঙ্গে ঐতিহাসিক সম্পর্ক থাকা সত্ত্বেও, হিন্দুত্ববাদী রাজনীতির কারণে সেখানে বাঙালিরা অবহেলিত। এনআরসি আইনের মাধ্যমে সেখানকার মুসলিমদের দ্বিতীয় শ্রেণির নাগরিক বানানো হয়েছে। এই প্রবণতা বাংলাদেশেও যেন না আসে, সেজন্য সতর্ক থাকতে হবে।”

বহু সংস্কৃতিবাদ ও সংবিধান সংস্কার প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, “৭২’র সংবিধান মুজিববাদ প্রতিষ্ঠার হাতিয়ার ছিল, যা মুক্তিযুদ্ধের মূল চেতনার সঙ্গে সাংঘর্ষিক। আমরা সেই সংকীর্ণতা ভেঙে একটি মানবিক, বহু সাংস্কৃতিক রাষ্ট্রের স্বপ্ন দেখছি।”

কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এনসিপি, ছাত্র সংগঠন এবং স্থানীয় জনগণ ‘জুলাই পদযাত্রা’ শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বেড়িরপাড় এলাকায় পথসভায় মিলিত হয়।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন