বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

নির্বাচনের ঘোষণা আসছে ৫ দিনের মধ্যে: প্রধান উপদেষ্টার আশ্বাসে ছোট দলের প্রত্যাশা উঁচুতে

ডেস্ক রিপোর্ট।।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী ৪-৫ দিনের মধ্যে জাতীয় নির্বাচনের তারিখ ও প্রক্রিয়া ঘোষণা করবেন বলে জানিয়েছেন রাজনৈতিক নেতাদের এক বৈঠকে। এই ঘোষণায় অংশগ্রহণমূলক নির্বাচনের আশায় ফের উজ্জীবিত হয়েছে দেশের ছোট ও মাঝারি রাজনৈতিক দলগুলো।

আজ শনিবার বিকেলে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের আমন্ত্রণে অনুষ্ঠিত এক মতবিনিময় সভা শেষে ১২ দলীয় জোটের শীর্ষ নেতা ও জাতীয় পার্টি (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার সাংবাদিকদের বলেন,

“প্রধান উপদেষ্টা আমাদের স্পষ্ট করে বলেছেন, আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে নির্বাচনের প্রক্রিয়া ও তারিখ ঘোষণা করা হবে। এটি একটি আশাজাগানিয়া বার্তা।”

জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী জানান,

“প্রধান উপদেষ্টা সংকট নিরসনের উপায় নিয়ে আমাদের সঙ্গে খোলামেলা আলোচনা করেছেন। তিনি নির্বাচনের দিকেই অগ্রসর হতে চান।”

তিনি আরও বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে জাতিসংঘের হস্তক্ষেপ নিয়ে উদ্বেগ প্রকাশ করে দলের পক্ষ থেকে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের বিরোধিতা করা হয়েছে।

বৈঠকে জাতীয় গণফ্রন্ট, খেলাফত মজলিস, বাংলাদেশ জাসদ, এনপিপি, জাকের পার্টি, ইসলামী ঐক্যজোট, লেবার পার্টি, এনডিএমসহ মোট ১৪টি রাজনৈতিক দল অংশ নেয়। দলগুলো প্রধান উপদেষ্টার ঘোষণাকে স্বাগত জানিয়ে দ্রুত নির্বাচন আয়োজনের পক্ষে অবস্থান জানায়।

তবে কিছু রাজনৈতিক দল জবাব চেয়েছে— জুলাই সনদ, সহিংসতা দমন, রাজনৈতিক সহিষ্ণুতা ও মানবাধিকার প্রশ্নে কী পদক্ষেপ নেওয়া হবে।

গত কয়েকদিনে অন্তর্বর্তী সরকারের সঙ্গে ধারাবাহিক বৈঠক করে বিএনপি, জামায়াত, এনসিপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ অধিকাংশ প্রভাবশালী দল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচন ঘিরে একটি রাজনৈতিক সমঝোতার ছক আঁকা হচ্ছে, যাতে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পথ খোলা রাখা হয়।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন